×
Logo

আন্তর্জাতিক

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলদের আবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পিএম

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলদের আবেদন

ভারতের ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিরোধী জোট ইন্ডিয়া। কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধিসহ জোটের ১১ নেতা সোমবার (১২ অক্টোবর) এ আবেদন করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারসহ নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অসংগতি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় আবেদনে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সংক্রান্ত সব নথি তলব এবং ঘটনার স্বাধীন তদন্তের আবেদন জানিয়েছেন বিরোধী নেতারা।

আবেদনে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশীকে বিবাদী করা হয়েছে। আইনজীবী এস প্রসন্নের মাধ্যমে আবেদনটি দাখিল করা হয়।

রাহুল গান্ধি ছাড়াও আবেদনকারীদের মধ্যে রয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী প্রসাদ যাদব, শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত, সিপিআইএমের সাধারণ সম্পাদক এম এ বেবি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাঝি, এনসিপি (শরদ পাওয়ার) নেত্রী সুপ্রিয়া সুলে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সাংসদ ইটি মোহাম্মদ বশির।

আবেদনটি মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে কয়েক দিন ধরেই প্রতিবাদ জানিয়ে আসছে বিরোধী জোট। তাদের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। এ ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তুলেছেন বিরোধী নেতারা।

/এমএমএইচ


Logo