৪১ বছর বয়সে মেলবোর্ন ম্যারাথনে চ্যাম্পিয়ন কিপচোগে, গড়লেন রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
৪১ বছর বয়সেও দারুণ ছন্দে রয়েছেন কেনিয়ার দৌড়বিদ এলিউড কিপচোগে। মেলবোর্ন ম্যারাথনে কোর্স রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হয়েছেন দুইবারের অলিম্পিক স্বর্ণজয়ী এই অ্যাথলেট। খবর বিবিসির।
কিপচোগে ২ ঘণ্টা ৯ মিনিট ১০ সেকেন্ডে দৌড় শেষ করেন। ২০২৩ সালে বার্লিন ম্যারাথনের পর এই প্রথম ম্যারাথনে জয় পেলেন তিনি। সব মিলিয়ে ম্যারাথনে এটি তার ক্যারিয়ারের ১৭তম জয়।
জয়ের পর কিপচোগে বলেন, আমি বিশ্বাস করি, আমার শরীর এখনও সেরা অবস্থায় রয়েছে। নতুন প্রজন্মের দৌড়বিদদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমার আছে।
তিনি আরও বলেন, আমি সবচেয়ে বয়স্ক অ্যাথলেট হয়েও দৌড়াচ্ছি। তবে, নতুন প্রজন্মের সঙ্গে দৌড়াতে পেরে আমি খুশি।
পুরুষদের বিভাগে অস্ট্রেলিয়ার থমাস ডো ক্যান্টো ২ ঘণ্টা ১০ মিনিট ৩৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। তৃতীয় হয়েছেন, তার স্বদেশি রিস এডওয়ার্ডস।
নারীদের বিভাগে নিউজিল্যান্ডের ক্যামিল ফ্রেঞ্চ ২ ঘণ্টা ২৮ মিনিট ২৫ সেকেন্ডে দৌড় শেষ করে চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় হয়েছেন, অস্ট্রেলিয়ার সিনেড ডাইভার এবং তৃতীয় আয়ারল্যান্ডের নিকোলা শেরিডান।
সাতটি মহাদেশে ম্যারাথন দৌড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে মেলবোর্নে অংশ নেন কিপচোগে। দুই বছরের মধ্যে অ্যান্টার্কটিকাসহ সাতটি মহাদেশে ম্যারাথন শেষ করতে চান তিনি। প্রতিটি দৌড় থেকে পাওয়া অর্থ দেওয়া হবে এলিউড কিপচোগে ফাউন্ডেশনে। এই সংস্থা শিক্ষা, পরিবেশ ও স্বাস্থ্য নিয়ে কাজ করে।
দীর্ঘ দূরত্বের দৌড়ে সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট হিসেবে পরিচিত কিপচোগে। তিনি দুটি অলিম্পিক ম্যারাথন সোনার পদক জিতেছেন। এ ছাড়া ৫ হাজার মিটার দৌড়ে একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে তার। তার ঝুলিতে আছে একটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা, বিশ্ব ম্যারাথন মেজরসে ১২টি জয় এবং দুটি আনুষ্ঠানিক বিশ্ব রেকর্ড।
২০১৯ সালে ভিয়েনায় বিশেষ ব্যবস্থায় দুই ঘণ্টার কম সময়ে ম্যারাথন শেষ করা প্রথম ব্যক্তি হন তিনি। সেদিন তিনি ১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে দৌড় শেষ করেছিলেন। তবে, বিশেষ ব্যবস্থায় হওয়ায় সেই সময়টি আনুষ্ঠানিক বিশ্ব রেকর্ড হিসেবে স্বীকৃতি পায়নি।
/এএন