×
Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায় না ইরান: পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রের হুমকিতে ভয় পায় না ইরান: পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরানের জনগণ ভীত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানিরা যত দিন বেঁচে থাকবেন, তত দিন নিজেদের দেশের মানুষের সেবা করে যাবেন। ওয়াশিংটনের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মধ্যেও যুদ্ধ অবসানের শর্তে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।

তেহরানে আন্তর্জাতিক গ্রামীণ ও যাযাবর জনগোষ্ঠীর সক্ষমতা প্রদর্শনীতে বক্তব্য দিতে গিয়ে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি বলেন, 'ইরানের জনগণ শত্রুর হুমকিতে ভয় পায় না।' 

তিনি আরও বলেন, 'আমরা যত দিন বেঁচে থাকবো, তত দিন আমাদের বীরত্বপূর্ণ ইরানের গর্বিত জনগণের সেবক হিসেবে থাকব।' 

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ বাড়লেও যুদ্ধ বন্ধে নিজেদের শর্ত থেকে সরে আসেনি ইরান। গত মাসে, দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবে তেহরান কয়েকটি দাবি তুলে ধরে।

প্রস্তাবে, ইরান আঞ্চলিক যুদ্ধবিরতি কার্যকর করা, দেশটির জব্দ করা সম্পদ অবমুক্ত করা, ইরানি তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধের দাবি জানায়।

এর বিনিময়ে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দেয় তেহরান। তবে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। ফলে প্রণালিটি ঘিরে যেকোনো সংঘাতের প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে পড়তে পারে।

যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে প্রণালিটি খুলে দেওয়ার প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্রের প্রত্যাখ্যানের পর দুই দেশের মধ্যে সমঝোতার পথ এখনো অনিশ্চিত। তেহরান, একদিকে, নিজেদের শর্তে অনড় থাকার বার্তা দিচ্ছে, অন্যদিকে, ওয়াশিংটনের অবস্থানও সংঘাত নিরসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পেজেশকিয়ানের বক্তব্যে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রাখতে চায় ইরান। তবে দুই দেশের মধ্যে যুদ্ধ অবসানের কোনো সমঝোতা হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

/এআই 

Logo