সিইসির পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৭:২১ এএম
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের একদফা দাবিতে শনিবার দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এদিকে রাজনৈতিক দলটির এই বড় আকারের জমায়েত ও আন্দোলন ঠেকাতে নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি প্রশাসন ও পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) যন্তর মন্তর ও এর আশপাশের স্পর্শকাতর এলাকা ঘিরে ইতোমধ্যে গড়ে তোলা হয়েছে সাত স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যারিকেড। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনীর ২০ হাজারেরও বেশি সদস্য মোতায়েনের চূড়ান্ত রূপরেখা নেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির গণপরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। বিক্ষোভের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ ৪৫টি মেট্রো স্টেশনের সবকটি প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বহিরাগত কর্মীদের রাজধানীতে প্রবেশ ঠেকাতে কয়েকশ দূরপাল্লার ও লোকাল ট্রেন বাতিল করেছে ভারতীয় রেলওয়ে। যেকোনো ধরনের উসকানি ও বিশৃঙ্খলা পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অডিও রেকর্ডিং সুবিধাযুক্ত তিন শতাধিক বিশেষ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
পাশাপাশি তথ্যপ্রবাহ ও সমন্বয় ব্যাহত করতে শুক্রবার রাত ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জনপথ-কর্তব্য পথ ক্রসিংকে কেন্দ্র করে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
তবে প্রশাসনের এমন নজিরবিহীন কড়াকড়ি ও ব্যারিকেড সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক বিবৃতিতে সাফ জানিয়েছেন, সব ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা, গণপরিবহন বন্ধ ও হুমকি উপেক্ষা করেই লাখো স্বেচ্ছাসেবক ও সমর্থক শনিবার পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যন্তর মন্তরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করবেন।
/এএ