ইউক্রেনে দুই বাসে রুশ বোমা হামলা, নিহত ৩৩
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পিএম
ইউক্রেনের সম্মুখসারির শহর ক্রামাতোরস্কে দুটি যাত্রীবাহী বাসে রুশ গ্লাইড বোমা হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। খবর বিবিসির।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেসামরিক মানুষকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দোনেৎস্ক অঞ্চলের প্রধান ভাদিম ফিলাশকিন।
এদিকে, হামলার পর ক্রামাতোরস্ক ও পাশের শহর স্লোভিয়ানস্কে সব ধরনের গণপরিবহন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ফিলাশকিন।
ইউক্রেনজুড়ে রুশ হামলার সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত ইউক্রেনে যত বেসামরিক মানুষ নিহত হয়েছেন, তা ২০২৫ সালের পুরো বছরের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
এর আগে, গত বুধবার প্রিলুকিতে পাঁচতলা একটি ভবনে রুশ হামলায় পাঁচ শিশুসহ ২২ জন নিহত হন। একই সময়ে কিয়েভে রুশ হামলায় আরও তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ও ইউক্রেন উভয়েই একে অপরের ভূখণ্ডে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। এসব হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
/এসআইএন