বেঙ্গালুরুর সমাবেশে ধ্রুব রাঠি, অবিলম্বে জ্ঞানেশ কুমারকে গদি ছাড়ার আহ্বান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পিএম
ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর ইস্যু নিয়ে ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত ‘পিপলস ট্রাইব্যুনাল’ ঘিরে উত্তেজনা বাড়ছে। ওই কর্মসূচিতে যোগ দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত কর্মসূচিতে যখন মঞ্চে ডাকা হয় ধ্রুব রাঠিকে, তখন উপস্থিত জনতা তাকে করতালি দিয়ে অভিবাদন জানান। খুব অল্প সময়ে মাইক্রোফোন হাতে কথা বলেন ধ্রুব। তবে, পুরোটা সময় বিজেপি সরকার আর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সমালোচনা করেন তিনি।
ধ্রুব রাঠি বলেন, 'আমি যখন থেকে ব্যাঙ্গালুরুতে এসেছি, তখন থেকেই চর্চা করছে বিজেপি যে, আমি রেজিম চেঞ্জ করতে এসেছি। সরকার বদলাতে এসেছি। আমি স্পষ্ট করে বলছি, আমার লক্ষ্য সরকার পরিবর্তন না। মজা করে তিনি বলেন, আমাকে না ইলন মাস্ক টাকা দিয়েছে, না জর্জ সরোস। নিজের টাকায় আমি ব্যাঙ্গালুরুতে আপনাদের কাছে এসেছি।'
তিনি জ্ঞানেশ কুমার ও নরেন্দ্র মোদির কাছে পশ্চিমবঙ্গে ভোটার বাদ পড়া সম্পর্কে জানতে চান। বলেন, 'সেখানে প্রায় ৭০ হাজার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যারা আগে ভোটার ছিলেন। কিন্তু ভোটের সময় হুট করে তাদের নাম কেটে দেওয়া হয়। আবার ভোটের পর আশ্চর্যজনকভাবে তাদের তালিকায় অন্তর্ভূক্তও করা হয়। তারা যদি মৃত ব্যক্তিই হয়ে থাকে, তাহলে পরে আবার তাদের তালিকায় কেন অন্তর্ভূক্ত করা হলো?'
বিহারের উদাহরণও দেন তিনি। বলেন, রাজ্যটিতে প্রায় ৬৫ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু জ্ঞানেশ কুমার সেটা কাউকে জানানোর প্রয়োজন মনে করেননি। উল্টো তিনি সেটা গোপন করার চেষ্টা করেছেন।
আবার উত্তর প্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে ঘটেছে উল্টো ঘটনা। রাতারাতি ১৪ লাখ মানুষ তালিকায় যোগ হয়ে গেছেন। কীভাবে তালিকায় তাদের নাম উঠলো, কেউ জানে না।
ধ্রুব রাঠি বলেন, 'এ জন্যই আমি বলি 'ভোট চোর গদ্দি ছোড়' (ভোট চোর গদি ছাড়)। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে।
তিনি বলেন, এখানে যারা উপস্থিত আছেন, তারা দেশভক্ত। আর যারা জ্ঞানেশ কুমারকে বাঁচাতে চাইছে, তারা দেশদ্রোহী। এরপর তিনি তার পকেট থেকে মোবাইল বের করেন। পরে তিনি ছোট্ট একটি ভিডিও কন্টেন্ট বানিয়ে ফেলেন। উপস্থিত জনতাও তার সেই ভিডিওতে 'ভোট চোর গদ্দি ছোড়' স্লোগান দিতে থাকেন।
পরে অভিনেতা প্রকাশ রাজও বক্তৃতা করেন। তিনি বেঙ্গালুরুর এই সমাবেশকে 'জাস্ট শুরু' বলে উল্লেখ করেন। তিনিও জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
আয়োজনে উপস্থিত ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)'র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও উপস্থিত ছিলেন।
/এমএমএইচ