ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ৫ শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামলাটিকে রাশিয়ার অন্যতম ‘জঘন্য হামলা’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর রয়টার্সের।
বুধবার (৭ অক্টোবর) ইউক্রেনে এ হামলাটি চালায় রাশিয়া।
উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকিতে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়ে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সেখানে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে।
রাজধানী কিয়েভেও হামলায় ৪ জন নিহত হয়েছেন। এছাড়া, দেশজুড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলেনস্কি।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা ইউক্রেনের সামরিক ও শিল্প স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অপরদিকে, ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, রাশিয়ার ছোড়া ৪৬টি ড্রোনের ৮০ শতাংশের বেশি ভূপাতিত করা হয়েছে। তবে জেলেনস্কি বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখনও ইউক্রেনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
/এএন