বৃন্দাবনের আশ্রমে যেতে ৫ কোটি রুপি নেওয়ার দাবি অস্বীকার করলেন কোহলি, বললেন ‘ভিত্তিহীন’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ পিএম
ভারতের বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের আশ্রমে যাওয়ার বিনিময়ে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেওয়ার দাবিকে পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি।
বুধবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে এই অভিযোগকে ‘সম্পূর্ণ অসত্য, বানোয়াট ও তথ্যগতভাবে ভুল’ বলে আখ্যা দিয়ে কোহলির মুখপাত্র জানান, কোনো আর্থিক সুবিধা নয় বরং ব্যক্তিগত বিশ্বাস ও গভীর শ্রদ্ধা থেকেই তিনি ওই আধ্যাত্মিক সাধকের আশ্রমে যান।
সম্প্রতি শ্রীকৃষ্ণ জন্মভূমি সংঘর্ষ ন্যাসের সভাপতি দীনেশ শর্মা (যিনি ফলাহারী মহারাজ নামে পরিচিত) দাবি করেন, প্রেমানন্দ মহারাজের আশ্রমে ভিরাট কোহলিকে আনার জন্য ৫ কোটি রুপি খরচ করা হয়েছিল। তার দাবি অনুযায়ী, রাজস্থানভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠান বা একটি রিয়েল এস্টেট গ্রুপের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মহারাজের জনপ্রিয়তা বৃদ্ধির উদ্দেশ্যে এই সফরের আয়োজন ও অর্থায়ন করেছিল। তবে এই দাবির সপক্ষে কোনো আর্থিক লেনদেনের রেকর্ড, চুক্তি বা বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি।
এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলে বিবৃতি দেয় কোহলির প্রতিনিধি দল।
বিবৃতিতে মুখপাত্র বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই যে, ফলাহারী মহারাজ দীনেশ শর্মার তোলা এই দাবিগুলো পুরোপুরি অসত্য, বানোয়াট ও তথ্যগতভাবে ভ্রান্ত। ভিরাট কোহলি কেবল প্রেমানন্দ মহারাজ জির প্রতি গভীর বিশ্বাস ও পরম ভক্তি থেকেই সেখানে যান। একই সঙ্গে কোনো ভিত্তিহীন দাবি প্রচারের আগে গণমাধ্যমকে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বানও জানানো হয়।
ভিরাট কোহলি ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা নিয়মিতই বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের ‘রাধা কেলি কুঞ্জ’ আশ্রমে গিয়ে থাকেন। ২০২৩ সালের ৪ জানুয়ারি প্রথমবারের মতো সেখানে যান এই তারকা দম্পতি। এরপর বিভিন্ন সময়ে তারা একাধিকবার মহারাজ জির আশীর্বাদ নিতে ওই আশ্রমে ছুটে গেছেন।
উল্লেখ্য, সম্প্রতি প্রেমানন্দ মহারাজের আশ্রম ভবনটির চারতলা থেকে পড়ে গত ২৫ সেপ্টেম্বর রসিক দুলারি নামের এক ভক্তের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে মথুরা পুলিশ। ওই ঘটনার প্রেক্ষিতে আশ্রমে নজরদারি ও আলোচনার মধ্যেই কোহলিকে জড়িয়ে কোটি টাকার আর্থিক লেনদেনের এই ভিত্তিহীন গুঞ্জনটি ছড়ানো হয়েছিল।
/এনএ