মধ্যপ্রাচ্যের ডামাডোলে তেলের দাম ছাড়াল ১০২ ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৫ পিএম
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতা যেন কাটছেই না। হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ এবং সরবরাহে বিঘ্নের আশঙ্কায় তেলের দামে যুক্ত হয়েছে বাড়তি রিস্ক প্রিমিয়াম।
সোমবার (৫ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০২ ডলার ছাড়িয়েছে। এদিকে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দামের ব্যবধান বেড়ে ১১ ডলারের বেশি হয়েছে।
গলফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তেলের বাজারে ট্যাংকার সংকটও দাম বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে। জাহাজ ভাড়া ও বিমা ব্যয় বেড়েছে। একই সঙ্গে তেল পরিবহনে দীর্ঘ পথ পাড়ি দিতে হওয়ায় অপরিশোধিত তেলের সরবরাহ ব্যয়ও বেড়ে যাচ্ছে।
বিশেষ করে বড় আকারের অপরিশোধিত তেলবাহী জাহাজ বা ভিএলসিসির (ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার) ভাড়া সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে এশিয়ার ক্রেতাদের কাছে তেল পৌঁছানোর মোট খরচ আরও বাড়ছে।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রুড সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের অন্যতম প্রধান বৈশ্বিক বেঞ্চমার্ক। হরমুজ প্রণালিতে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও সরবরাহে বিঘ্নের আশঙ্কায় এ তেলের দামে বাড়তি ঝুঁকি মূল্য বা ‘রিস্ক প্রিমিয়াম’ যুক্ত হয়েছে।
/এমএইচআর