×
Logo

আন্তর্জাতিক

সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন সরকারকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি সৌদি জোটের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম

সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন সরকারকে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি সৌদি জোটের

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ‘অভ্যুত্থান’ শেষ করে রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠায় দেশটির সরকারি বাহিনীকে পূর্ণাঙ্গ সামরিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ কথা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-মালিকি বলেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে ‘রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা এবং হুতিদের অভ্যুত্থানের অবসান ঘটাতে’ প্রয়োজনীয় পূর্ণাঙ্গ সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে জোট।

বিবৃতিতে হুতিদের হামলারও নিন্দা জানান তিনি। ইয়েমেন, সৌদি আরব, লোহিত সাগর এবং বাব আল-মান্দাব প্রণালিতে সৌদি পতাকাবাহী জাহাজে হুতিদের হামলার কথা উল্লেখ করে এসব কর্মকাণ্ডের নিন্দা জানান সৌদি জোটের এই মুখপাত্র।

আল-মালিকি বলেন, সৌদি আরব তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে।

এদিকে, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ২০২২ সালে, জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের লড়াই বন্ধ হওয়ার পর এবারই সবচেয়ে গুরুতর সংঘাত দেখা দিয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।

/এআই

Logo