সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে অব্যাহত বিক্ষোভ, ব্যাপক ধরপাকড়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম
আটকের পর নরেন্দ্র মোদির ছবি হাতে বিক্ষোভকারীদের স্লোগান। ফাইল ছবি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ-আন্দোলন অব্যাহত রয়েছে রোববারেও।
মুম্বাইয়ে মিছিল করেন শিবসেনার উদ্ধব ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার নেতাকর্মীরা। প্রায় দু'দশক পরে রাজনৈতিক মিছিলে পা মেলালেন দুই ভাই উদ্ধব ও রাজ ঠাকরে।
অন্যদিকে, দিল্লির যন্তর মন্তরে বিভিন্ন সংগঠনের কর্মী-সমর্থকেরা মিছিল করেন। প্রতিবাদ সভা করেছে যুব কংগ্রেসও। তৃতীয় দিনের বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় ৫ হাজার পুলিশ সদস্য।
ইতোমধ্যে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা, আইনজীবী প্রশান্ত ভূষণসহ বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এছাড়াও, পুলিশ সদস্যদের বিরুদ্ধে নারী আন্দোলনকারী ও সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগে তিনটি অভিযোগও পেয়েছে পুলিশ।
গত শুক্রবার (২ অক্টোবর) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
/এএম