×
Logo

আন্তর্জাতিক

যন্তর মন্তর বিক্ষোভ ঘিরে ৫ হাজার পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫০ পিএম

যন্তর মন্তর বিক্ষোভ ঘিরে ৫ হাজার পুলিশ মোতায়েন

ভারতের রাজধানী দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে টানা তৃতীয় দিনের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রোববারের (৪ অক্টোবর) দুইটি প্রতিবাদ মিছিল ঘিরে প্রায় ৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে দিল্লি পুলিশ। এর মধ্যে র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) ও অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।

পুলিশ জানায়, ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তর পর্যন্ত মিছিল করার কোনো অনুমতি দেওয়া হয়নি। তবে বিপুলসংখ্যক মানুষ বিক্ষোভে অংশ নিতে পারেন বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুটি মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে ‘সিটিজেনস মার্চ’ নামে প্রথম মিছিলটি বিকেল ৩টায় ইন্ডিয়া গেট থেকে যন্তর মন্তরের উদ্দেশে রওনা হওয়ার কথা। আর একই পথে বিকেল ৫টায় মিছিল করবে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস।

বিক্ষোভকারীদের যন্তর মন্তরে প্রবেশ ঠেকাতে বিভিন্ন সড়কে কয়েক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। টলস্টয় মার্গ, জনপথ রোড, সংসদ মার্গ এবং কেরালা ভবনের দিক থেকে যন্তর মন্তরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে পুলিশ। এ ছাড়া অশোকা রোড ও সি-হেক্সাগনের কাছেও ব্যারিকেড স্থাপন করা হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, পার্লামেন্ট স্ট্রিট থানার এলাকা থেকে যন্তর মন্তর পর্যন্ত সড়কের দুই পাশে জেলা পুলিশের সদস্য, রিজার্ভ ফোর্স, আরএএফ এবং অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ‘মিছিলের অনুমতি দেওয়া হয়নি। তবে আমরা বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি আশা করছি।’

যন্তর মন্তরের দিকে যাওয়ার সব সড়কে পিসিআর ভ্যান ও পুলিশের গাড়ি মোতায়েন থাকবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে নিউ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) কার্যালয় থেকে। পরিস্থিতির অবনতি হলে ভিড়ের ওপর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়নে ড্রোনও ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন পুলিশ সদস্যদের দাঙ্গা মোকাবিলার সরঞ্জাম দেওয়া হয়েছে। এ ছাড়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে যন্তর মন্তর ও এর আশপাশে হওয়া বিক্ষোভের ঘটনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনটি এফআইআর করেছে দিল্লি পুলিশ।

এছাড়াও পুলিশ সদস্যদের বিরুদ্ধে নারী বিক্ষোভকারী ও সাংবাদিকদের যৌন হয়রানির অভিযোগে তিনটি অভিযোগও পেয়েছে পুলিশ। এসব অভিযোগ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চের কাছে পাঠানো হয়েছে।

/এসআইএন


Logo