ব্রাজিলের নির্বাচন জরিপে এগিয়ে লুলা, ভোট গড়াতে পারে দ্বিতীয় দফায়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১২ এএম
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের আগে প্রকাশিত সর্বশেষ কয়েকটি জনমত জরিপে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তবে কোনো প্রার্থীই ৫০ শতাংশের বেশি ভোট পাওয়ার অবস্থানে না থাকায় নির্বাচন গড়াতে পারে দ্বিতীয় দফায়।
রোববার (৪ অক্টোবর) প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। কোনো প্রার্থী বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি না পেলে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার নির্বাচনে মুখোমুখি হবেন। নির্ধারিত সূচি অনুযায়ী, দ্বিতীয় দফার ভোট হওয়ার কথা ২৫ অক্টোবর।
সিএনটি/এমডিএ জরিপে প্রথম দফায় বৈধ ভোটের হিসাবে লুলা পেয়েছেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোর সমর্থন ৪২ দশমিক ১ শতাংশ। অগুস্তো কুরি ৩ দশমিক ৬, রোনালদো কাইয়াদো ৩ দশমিক ৪ এবং রেনান সান্তোস ১ দশমিক ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। রোমেউ জেমার সমর্থন ০ দশমিক ৯ শতাংশ।
দ্বিতীয় দফার সম্ভাব্য লড়াইয়ে এই জরিপে লুলার সমর্থন ৪৭ দশমিক ৩ শতাংশ, আর ফ্লাভিও বলসোনারোর ৪৩ দশমিক ১ শতাংশ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ২ হাজার ৭ জনের ওপর জরিপটি চালানো হয়। এতে ভুলের সম্ভাব্য সীমা ২ দশমিক ২ শতাংশ পয়েন্ট।
ডেটাফোলহার জরিপে প্রথম দফায় বৈধ ভোটের হিসাবে লুলা পেয়েছেন ৪৫ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো ৪২ শতাংশ। রোনালদো কাইয়াদো ৪, রেনান সান্তোস ৩ এবং অগুস্তো কুরি ৩ শতাংশ সমর্থন পেয়েছেন।
দ্বিতীয় দফার সম্ভাব্য লড়াইয়ে লুলার সমর্থন ৪৭ শতাংশ এবং ফ্লাভিওর ৪৬ শতাংশ। ডেটাফোলহার জরিপে ২ পয়েন্টের মার্জিন অব এরর রয়েছে।
অন্যদিকে, কোয়েস্টের জরিপে প্রথম দফায় লুলা ৪৬ শতাংশ এবং ফ্লাভিও বলসোনারো ৪৫ শতাংশ বৈধ ভোট পেয়েছেন। অগুস্তো কুরি, রেনান সান্তোস ও রোনালদো কাইয়াদো প্রত্যেকে পেয়েছেন ৩ শতাংশ করে।
তবে কোয়েস্টের দ্বিতীয় দফার হিসাব কিছুটা ভিন্ন। সেখানে ফ্লাভিও বলসোনারো ৪৪ শতাংশ এবং লুলা ৪২ শতাংশ সমর্থন পেয়েছেন। জরিপটিতে ২ শতাংশ পয়েন্টের মার্জিন অব এরর রয়েছে। ২ ও ৩ অক্টোবর ৩ হাজার ৭০২ জনের ওপর জরিপটি পরিচালিত হয়।
সব মিলিয়ে সর্বশেষ জরিপগুলোতে প্রথম দফায় লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে ব্যবধান খুবই সীমিত। তবে এসব জরিপ নির্বাচনের ফল নয়; ভোটের দিনই চূড়ান্ত ফল নির্ধারিত হবে।
(সুত্র: রয়টার্স)
/এনএ