×
Logo

আন্তর্জাতিক

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি বিভাগের প্রকৌশলী গ্রেফতার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পিএম

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগে মার্কিন জ্বালানি বিভাগের প্রকৌশলী গ্রেফতার

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে (হুতি) সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের (ডিপার্টমেন্ট অব এনার্জি) এক বৈদ্যুতিক প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ঘরে তৈরি বিস্ফোরক-ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ এবং ইয়েমেনে ভ্রমণের মাধ্যমে হুতিদের সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদন তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম অ্যাশটন হামেদ এলাবুদি। তার বয়স ৫১ বছর। তিনি ওয়াশিংটন অঙ্গরাজ্যের রিচল্যান্ডের বাসিন্দা। 

মার্কিন বিচার বিভাগের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে গ্রেফতার করা হয় এবং শুক্রবার আদালতে তার প্রথম শুনানি হওয়ার কথা রয়েছে।

এফবিআইয়ের বরাত দিয়ে সিবিএস নিউজ জানায়, হুতিদের যোগাযোগ সক্ষমতা বাড়াতে সহায়তা করার চেষ্টা করেছিলেন এলাবুদি। এ উদ্দেশ্যে, গত বছরের সেপ্টেম্বরে, তিনি ইয়েমেন ভ্রমণও করেন বলে অভিযোগ করা হয়েছে।

মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইয়েমেনে যাওয়ার জন্য এলাবুদি এমন একটি পাসপোর্ট ব্যবহার করেন, যা তিনি যুক্তরাষ্ট্রের আর্মি কোর অব ইঞ্জিনিয়ার্সে কাজ করার সময় পেয়েছিলেন। ওই পাসপোর্ট ব্যবহার করে তিনি ওমানে যান, যে দেশটির সীমান্ত ইয়েমেনের সঙ্গে রয়েছে।

এলাবুদির বিরুদ্ধে এমন একটি মার্কিন আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে, যেখানে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত কোনো গোষ্ঠীকে বস্তুগত সহায়তা দেওয়া অপরাধ হিসেবে গণ্য হয়। যুক্তরাষ্ট্রের তালিকায় হুতিরা বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্তর্ভুক্ত।

অভিযোগ প্রমাণিত হয়ে দোষী সাব্যস্ত হলে এলাবুদির সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

ইয়েমেনে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। ২০১৪ সালে হুতিরা রাজধানী সানা এবং দেশটির কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ করে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারকে সমর্থন দেওয়ার লক্ষ্যেই ওই হস্তক্ষেপ করা হয়েছিল।

এরপর থেকে হুতিদের সঙ্গে ইয়েমেনি সরকারি বাহিনী ও তাদের মিত্রদের সংঘাত অব্যাহত রয়েছে।

/এআই 

Logo