‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতার হুংকার, স্বাগত জানালেন সোনিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA) ব্লকের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরালো বক্তব্যে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বুধবার (৩০ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মমতা।
বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা লড়ব, আমরা জিতব। গণতন্ত্র ফিরে আসবে, সংবিধান রক্ষা করব। এর জন্য যদি আমাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে, তবুও আমরা প্রস্তুত।’
মমতার বক্তব্যের সময় হাসিমুখে টেবিলে হাত চাপড়ে সমর্থন জানান সোনিয়া গান্ধী। বক্তব্য শেষে তিনি মমতার পিঠেও হাত রাখেন। এ মুহূর্তের ভিডিও কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা হয়েছে। Fearless, feisty leaders don’t just fight. They applaud the ones fighting along. ❤️🇮🇳 pic.twitter.com/Ak2Udpg4F5
নয়াদিল্লির বৈঠকে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধীদের উদ্বেগসহ বিভিন্ন বিষয়ে যৌথ কৌশল নির্ধারণ করতে ‘ইন্ডিয়া’ জোটের নেতারা বৈঠকে বসেন।
বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং এনসিপি (এসপি) নেতা সুপ্রিয়া সুলেসহ জোটের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে অংশ নেওয়া নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি প্রশ্ন তোলেন, কংগ্রেসের সঙ্গে মমতার নতুন করে ঘনিষ্ঠতার অর্থ কি ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া?
পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক সভাপতি অধীর রঞ্জন বলেন, বিরোধী দলগুলোর উচিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রাজনৈতিক লড়াইয়ের মুখ হিসেবে স্বীকৃতি দেওয়া।
তিনি দাবি করেন, ‘ইন্ডিয়া’ জোটের শুরুতেই যদি মমতা রাহুল গান্ধীর নেতৃত্বকে সমর্থন করতেন, তাহলে দেশের বর্তমান পরিস্থিতি ভিন্ন হতে পারত।
অধীর রঞ্জন আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছে এবং দীর্ঘদিন ধরে ‘ইন্ডিয়া’ জোট ও কংগ্রেসের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
/এনএ