×
Logo

আন্তর্জাতিক

মাঝআকাশে পাইলটদের মারামারি, ইসরায়েলগামী বিমান জরুরি অবতরণ করল সৌদি আরবে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

মাঝআকাশে পাইলটদের মারামারি, ইসরায়েলগামী বিমান জরুরি অবতরণ করল সৌদি আরবে

মাঝআকাশে উড্ডয়নরত অবস্থায় পাইলট ও সহ-পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার জেরে দুবাই থেকে তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’-এর একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে চাঞ্চল্যকর এই ঘটনার পর নিরাপত্তা ঝুঁকির কারণে বিমানটির গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নামানো হয় বলে ইসরায়েলি গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। 

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিমানটি থেকে প্রথমে একটি জরুরি বিপদ সংকেত পাঠানো হয়। তবে এর কয়েক মিনিটের মাথায় হঠাৎ করেই বিমানটি ছিনতাই বা হাইজ্যাকের জন্য নির্ধারিত বিশেষ কোড সংকেত পাঠাতে শুরু করে। কিছুক্ষণ পর অবশ্য সেই কোড প্রত্যাহার করে পুনরায় সাধারণ জরুরি অবস্থা সংকেতে ফিরিয়ে আনা হয়।

এই সংকেতের পরপরই ইসরায়েলজুড়ে তীব্র নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিকভাবে আকাশে সামরিক যুদ্ধবিমান পাঠায় ইসরায়েলি বিমানবাহিনী। একই সঙ্গে ঘটনাটিকে কেন্দ্র করে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি পরামর্শ বৈঠকে বসেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় স্পষ্ট করে জানায়, ঘটনাটি কোনো সন্ত্রাসী হামলা বা বিমান ছিনতাইয়ের ঘটনা নয়। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে, উড্ডয়নরত অবস্থায় ককপিটে মূল পাইলট ও কো-পাইলটের মধ্যে তীব্র বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে শারীরিক হাতাহাতি শুরু হয়। এর জের ধরেই ভুলবশত বা উত্তেজনার মুখে ছিনতাইয়ের অ্যালার্ট কোডটি চালু হয়েছিল।

জানা গেছে, বিমানটিতে প্রায় ১৫০ জন আরোহী ছিলেন, যাদের সিংহভাগই ইসরায়েলের নাগরিক। তেল আবিবের বেন-গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নিরাপত্তা প্রটোকল মেনে গতিপথ বদলে বিমানটি সৌদি আরবের উত্তর-পূর্বাঞ্চলীয় তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

/এএ 

Logo