×
Logo

আন্তর্জাতিক

শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদ ২০ শতাংশ কমানোর প্রস্তুতি: পেন্টাগন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ এএম

শীর্ষ সামরিক কর্মকর্তাদের পদ ২০ শতাংশ কমানোর প্রস্তুতি: পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দেশটির সামরিক বাহিনীতে জেনারেল-অ্যাডমিরালদের পদ ২০ শতাংশ কমানোর ঘোষণা দিতে যাচ্ছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সকে এ তথ্য জানায় দুই মার্কিন কর্মকর্তা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভার্জিনিয়ার কোয়ান্টিকোতে শত শত জুনিয়র সামরিক সদস্যের সামনে বক্তব্য দেবেন হেগসেথ। সেখানে তিনি সামরিক বাহিনী নিয়ে তার অগ্রাধিকারগুলো তুলে ধরবেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানায়, জেনারেল ও ফ্ল্যাগ অফিসারদের জন্য নির্ধারিত পদ ২০ শতাংশ কমানোর পরিকল্পনার কথা জানাবেন হেগসেথ। এসব পদে এক থেকে চার তারকা জেনারেল ও অ্যাডমিরালরা রয়েছেন। গত বছর, হেগসেথ যে ন্যূনতম ১০ শতাংশ পদ কমানোর কথা বলেছিলেন, নতুন পরিকল্পনায় তার চেয়ে বেশি কাটছাঁট করা হবে।

তবে এই পদক্ষেপের অর্থ সরাসরি কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা নয় বলে জানান একজন কর্মকর্তা। তার মতে, ভবিষ্যতে কিছু পদের পদমর্যাদা পরিবর্তন করা হবে এবং অন্য কিছু পদ পুরোপুরি বাতিল করা হবে।

এদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর), পেন্টাগন, হেগসেথের স্বাক্ষর করা একটি স্মারকলিপি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক সার্ভিস একাডেমিগুলোতে দীর্ঘমেয়াদি শিক্ষক হিসেবে বেসামরিক ব্যক্তিদের আর নিয়োগ দেওয়া হবে না। এছাড়া সামরিক একাডেমিগুলোকে ‘যুদ্ধ পরিচালনার' দিকে আরও বেশি কেন্দ্রীভূত করার উদ্যোগ হিসেবে এই নির্দেশনাকে তুলে ধরা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিরক্ষা বিভাগে দ্রুত পরিবর্তন আনছেন হেগসেথ। সামরিক বাহিনীর বিভিন্ন শাখা থেকে শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট কিছু জনবলসংক্রান্ত বিষয়েও পদক্ষেপ নিচ্ছেন তিনি।

/এনজেএস/এআই 

Logo