ইরান সংকট নিরসনে মধ্যস্থতাকারীদের সাথে কথা বলেছেন মার্কিন কর্মকর্তারা: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ এএম
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার তীব্র উত্তেজনার মধ্যেই মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সাথে কথা বলেছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দেননি।
এদিকে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও চলমান সংকট নিরসনে নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সাথে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। এর ফলে পর্দার আড়ালে উভয় পক্ষের কূটনৈতিক যোগাযোগের তৎপরতা বাড়ার ইঙ্গিত মিলছে।
তবে আলোচনার খবরের পাশাপাশি ট্রাম্পের আক্রমণাত্মক সুরও বজায় রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে ট্রাম্প তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই চূড়ান্ত বিজয় অর্জন করবে।
সেই সঙ্গে চলমান উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানির ঊর্ধ্বগতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি মন্তব্য করেন, সংকট মিটে গেলে তেলের দাম দ্রুতই নিম্নমুখী হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
/এএ