পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ। দেশটির আসন্ন পার্লামেন্টারি নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদে লড়বেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ভুচিচ।
মূলত, প্রধানমন্ত্রী পদে নির্বাচনে লড়তেই মেয়াদ শেষ হওয়ার ৭ মাস আগে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সার্বিয়ার সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পদে তিনি তৃতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
এর প্রেক্ষিতে, জুন মাসেই পদত্যাগের ইচ্ছা ব্যক্ত করেন ভুচিচ। তার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছিলো।
পদত্যাগের পর রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের সামনে সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভুসিচ বলেন, নয় বছর ক্ষমতায় থাকাকালে তার সরকার সার্বিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
২০২৪ সালে সার্বিয়ায় একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহতের ঘটনায় প্রথম ভুচিচ সরকারের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়, পরে ছাত্র-শিক্ষক, শ্রমিক ও কৃষকসহ সমাজের সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে শুরু হয় বিক্ষোভ।
প্রসঙ্গত, নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন পার্লামেন্টের স্পিকার ও প্রগ্রেসিভ পার্টির সদস্য আনা ব্রনাবিচ।
/এমএইচআর