×
Logo

আন্তর্জাতিক

চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

চীনের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: মার্কিন রাষ্ট্রদূত

তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে চীনের উদ্বেগের জবাবে দেশটির কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড পারডিউ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান। খবর আরব নিউজের।

রোববার (২৭ সেপ্টেম্বর) প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

পারডিউ বলেন, গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফরে গেলে বিষয়টি আবারও আলোচনায় আসে।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প বারবার বলে আসছেন, ‘আমরা সারা বিশ্বের অন্যদের কাছে অস্ত্র বিক্রি করি।’ একপর্যায়ে তিনি প্রেসিডেন্ট শিকে জিজ্ঞেস করেছিলেন, তিনি কিছু অস্ত্র কিনতে চান কি না।

পারডিউ আরও বলেন, অন্যান্য অস্ত্র বিক্রি নিয়েও ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ট্রাম্প ও প্রেসিডেন্ট শি যখনই একসঙ্গে বসেন, তারা এ বিষয়ে কথা বলেন। তবে তিনি জানান, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

গত জুনে চীন তাইওয়ানকে সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে অথবা সামরিক উপায়ে স্বাধীনতা অর্জনের চেষ্টা মৃত্যুর প্রান্তে গিয়ে শেষ হবে।

এর আগে, গত ডিসেম্বরে ওয়াশিংটন তাইওয়ানের জন্য ১১.১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দেয়। পারডিউ বলেন, ১৯৭৯ সালের পর অন্য যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় ট্রাম্প প্রশাসন তাইওয়ানের কাছে বেশি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে।

এদিকে, ওয়াশিংটন সফরের সময় শি জিনপিং আবারও তাইওয়ান ইস্যুতে ট্রাম্পকে বিচক্ষণতা দেখানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করার আহ্বান জানান।

/এএন

Logo