×
Logo

আন্তর্জাতিক

ব্যাংকক পোস্টের প্রতিবেদন

ব্যাংককে ভয়াবহ বন্যা, হাজারো মানুষ পানিবন্দি; চলছে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

ব্যাংককে ভয়াবহ বন্যা, হাজারো মানুষ পানিবন্দি; চলছে উদ্ধার অভিযান

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের লাত ক্রাবাং এলাকায় ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। 

রোববার (২৭ সেপ্টেম্বর) বন্যাকবলিত আবাসিক এলাকা থেকে শয্যাশায়ী রোগী, প্রবীণ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরিয়ে নিতে জোরদার করা হয়েছে উদ্ধার অভিযান।

বন্যার পানির উচ্চতা কোথাও কোথাও মানুষের গলা পর্যন্ত পৌঁছে যাওয়ায়, পরিস্থিতি, আরও জটিল হয়ে উঠেছে। বাড়িঘরে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

দেশটির পোহ তেক তুং ফাউন্ডেশনের উদ্ধারকারী দল লাত ক্রাবাংয়ের বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধারে কাজ করছে। একইসঙ্গে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়িঘর থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নেওয়া হচ্ছে।

লাত ক্রাবাংয়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রম ক্লাও সরকারি আবাসিক এলাকা। সেখানে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। বিপুলসংখ্যক মানুষের বসতি হওয়ায় এলাকাটির পরিস্থিতি নিয়ে বিশেষ উদ্বেগ জানিয়েছেন ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট।

বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের মধ্যে বিশেষ করে বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল মানুষদের দ্রুত সরিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

এরইমধ্যে, বন্যাকবলিতদের আশ্রয়ের জন্য কিং মংকুটস ইনস্টিটিউট অব টেকনোলজি লাত ক্রাবাংয়ে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে ব্যাংকক মাস ট্রানজিট অথরিটির কাছ থেকে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়েছে। পাশাপাশি, বেশি পানির মধ্যেও চলাচল করতে সক্ষম হাই-গ্রাউন্ড-ক্লিয়ারেন্স জিএমসি ট্রাক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্ধারকারীরা জানান, অনেক বাসিন্দা এখনো বাড়িঘরে আটকা রয়েছেন। বিশেষকরে, শয্যাশায়ী রোগী ও প্রবীণদের সরিয়ে নিতে বাড়তি সময় ও সরঞ্জামের প্রয়োজন হচ্ছে।

বন্যার পানি দ্রুত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।

/এআই 

Logo