×
Logo

আন্তর্জাতিক

শিশুদের টিকটক ব্যবহারে দৈনিক ২ ঘণ্টার সীমা, মামলা নিষ্পত্তিতে ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে টিকটক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

শিশুদের টিকটক ব্যবহারে দৈনিক ২ ঘণ্টার সীমা, মামলা নিষ্পত্তিতে ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে টিকটক

শিশুদের টিকটক ব্যবহার সীমিত করতে নতুন একগুচ্ছ নিরাপত্তা ব্যবস্থা চালুর পাশাপাশি যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যকে ১০০ মিলিয়ন ডলার দিতে সম্মত হয়েছে টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স।

সামাজিক যোগাযোগমাধ্যমটির বিরুদ্ধে শিশুদের আসক্ত করে তুলতে ইচ্ছাকৃতভাবে প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার নকশা করার অভিযোগে করা মামলার নিষ্পত্তিতে এ সমঝোতা হয়েছে। গত সোমবার থেকে মামলাটির জুরি ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল। তার ঠিক আগেই দুই পক্ষ সমঝোতায় পৌঁছায়।

সমঝোতার আওতায় আলাবামায় শিশুদের জন্য টিকটক ব্যবহারে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সীমা নির্ধারণ করা হবে। পাশাপাশি রাত ও স্কুল চলাকালীন নির্দিষ্ট সময়ে অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকবে।

তবে এসব পরিবর্তন শুধু আলাবামা অঙ্গরাজ্যেই কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যের সঙ্গে টিকটকের এটিই প্রথম এ ধরনের সমঝোতা।

আলাবামার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রধান আইন কর্মকর্তা ক্যাথরিন রবার্টসন বিবিসিকে বলেন, সমঝোতা নিয়ে তারা সন্তুষ্ট।

তিনি জানান, বিচার শুরুর আগে, টিকটকের সঙ্গে কয়েক দফা মধ্যস্থতা হয়েছে। শেষ পর্যন্ত যে চুক্তিতে পৌঁছানো হয়েছে, সেটিই ছিল অঙ্গরাজ্যটির পক্ষ থেকে দেওয়া চূড়ান্ত প্রস্তাব।

রবার্টসনের ভাষায়, সমঝোতায় এমন কিছু বাধ্যতামূলক পরিবর্তন আনা হয়েছে, যার ফলে টিকটককে শিশুদের সুরক্ষাসংক্রান্ত বেশ কিছু নীতি বদলাতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, শিশুদের দৈনিক ব্যবহারের সময় সীমিত করার পাশাপাশি রাত ও স্কুলের সময় অ্যাপ ব্যবহারে বাধা দেওয়া হবে। এসব সময়সীমা ও নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে।

তবে বয়স যাচাইয়ের মতো অন্যান্য পরিবর্তন বাস্তবায়নে টিকটককে সর্বোচ্চ এক বছর সময় দেওয়া হয়েছে।

সমঝোতার অংশ হিসেবে শিশুদের অ্যাকাউন্ট ব্যবহারের ওপর অভিভাবকদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার ব্যবস্থা করবে টিকটক।

শিশুদের জন্য কিছু ধরনের কনটেন্ট সীমিত করার পাশাপাশি নতুন বয়স যাচাই ব্যবস্থা চালু করা হবে। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের কাছে শিশুদের অ্যাকাউন্ট সহজে খুঁজে পাওয়ার সুযোগও সীমিত করা হবে।

এছাড়া কোনো কিশোর-কিশোরীর সঙ্গে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর ‘সন্দেহজনক যোগাযোগ’ শনাক্ত হলে তার অভিভাবককে জানানো হবে।

শিশুদের ক্ষেত্রে সব ধরনের কসমেটিক বা সৌন্দর্যবর্ধক ফিল্টারও নিষিদ্ধ করা হবে।

সমঝোতার শর্ত ভঙ্গ হলে, আলাবামাকে, সর্বোচ্চ ৩০ কোটি ডলার পর্যন্ত দিতে হতে পারে টিকটককে। তবে চুক্তির আওতায় নির্ধারিত ১০০ মিলিয়ন ডলার ৪৫ দিনের মধ্যে অঙ্গরাজ্য সরকারকে পরিশোধ করতে হবে।

/এআই 

Logo