মার্কিন-ইসরায়েলি অর্থনৈতিক চাপের বিরুদ্ধে অটল ইরান: পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপের মুখেও ইরান দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জনগণকে চাপে ফেলা যাবে, যারা এমনটা ভেবেছিল, তারা ‘ভুল হিসাব’ করেছিল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ইরানের জনগণকে নিষেধাজ্ঞার মাধ্যমে লক্ষ্যবস্তু করার যে পরিকল্পনা করা হয়েছিল, তা প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি। বরং এসব পদক্ষেপের মধ্য দিয়ে ইরান আরও আত্মনির্ভরশীল হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
ইরানের প্রেসিডেন্টের অভিযোগ, যুক্তরাষ্ট্র-ইসরায়েল, ইরানকে, নিজের সক্ষমতার ওপর নির্ভর করা থেকে বিরত রাখার চেষ্টা করছে। তবে তেহরান দেশের জনগণের ওপর বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
পেজেশকিয়ানের দাবি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল আঞ্চলিক দেশগুলোকে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। তাদের ধারণা ছিল, ইরানের সরকার কয়েক দিনের মধ্যেই পতনের মুখে পড়বে। তবে সেই হিসাবও বাস্তবে মেলেনি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি হামলার মুখেও ইরানের জনগণ দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও তারা একইভাবে প্রতিরোধ অব্যাহত রাখবে।
পেজেশকিয়ান আরও বলেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে হলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য কোনো একক দেশের ‘পুলিশম্যান’ বা অভিভাবকের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্টের এসব মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং আঞ্চলিক সংঘাত নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।
অবশ্য, তেহরান বরাবরই বলে আসছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।
/এআই