×
Logo

আন্তর্জাতিক

ইরানের হুঁশিয়ারি

'ওয়াশিংটন কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হবে'

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পিএম

'ওয়াশিংটন কোনো ভুল পদক্ষেপ নিলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা হবে'

মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটিতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে কোনো ‘ভুল’ পদক্ষেপ নিলে এসব স্থাপনা লক্ষ্যবস্তু করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানের সামরিক বাহিনীর এই সতর্কবার্তা দিয়েছে দেশটির শীর্ষ সামরিক অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। 

এদিকে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া সাত দিনের পরিকল্পনার জবাবে ওয়াশিংটনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইরান।

মেহর নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে মধ্যপ্রাচ্য ‘নিরাপত্তার সবচেয়ে স্পর্শকাতর সময়গুলোর একটি’ পার করছে। এ অবস্থায় ওই অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা বাড়ায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে একই সময়ে রাজনৈতিক যোগাযোগ ও মধ্যস্থতার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে।

তেহরানের বার্তা তুলে ধরে মেহর জানিয়েছে, যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছা ইরানের নেই। তবে কোনো পক্ষ যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, সেক্ষেত্রে দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় ইরান প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।

ইরানের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের সামরিক টানাপোড়েন নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি এই প্রণালির পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলের নজরও এখন মধ্যপ্রাচ্যের দিকে।

/এআই 

Logo