×
Logo

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অনলাইন জুয়ায় নিষেধাজ্ঞা দিলেন ব্রাজিলের লুলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে অনলাইন জুয়ায় নিষেধাজ্ঞা দিলেন ব্রাজিলের লুলা

প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে ব্রাজিলে অনলাইন জুয়া নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচনে লড়ছেন তিনি। এরই মধ্যে এক সাময়িক আদেশে সই করে সব ধরনের স্পোর্টস বেটিং ও অনলাইন ক্যাসিনো নিষিদ্ধ করেন লুলা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তিনি এই আদশে স্বাক্ষর করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। 

এবারের নির্বাচনে লুলার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো।

ব্রাজিলে অনলাইন জুয়া বৈধ করা হয় ২০১৮ সালে। এরপর থেকে জুয়ায় আসক্তির কারণে দেশটির বহু পরিবারের আয় কমে যাওয়ার জন্য এই খাতকে দায়ী করা হচ্ছে।

অনলাইন জুয়াকে ‘ক্যানসার’ হিসেবে উল্লেখ করেছেন লুলা। তিনি বলেন, “আমরা এই টিউমার সরাব, নইলে এটি আমাদের ধ্বংস করে দেবে।”

প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটের মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময় আগে এ সিদ্ধান্ত নিলেন লুলা। সাম্প্রতিক জনমত জরিপে ৮০ বছর বয়সী লুলা ও ফ্লাভিও বলসোনারোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র উঠে এসেছে।

তবে লুলার এই নতুন আদেশ কার্যকর রাখতে হলে ১২০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে লুলা বলেন, সাবেক প্রেসিডেন্ট মিশেল তেমেরের প্রশাসনের সময় অনলাইন বেটিং চালু করা হয়েছিল। তবে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর শাসনামলে এটি কোনো নিয়ন্ত্রণ ছাড়াই দ্রুত বিস্তৃত হয়েছে।

বিশেষ করে শিশু ও কিশোরদের অনলাইন বেটিং থেকে দূরে রাখতে কোনো ধরনের বিধিনিষেধ ছিল না বলেও দাবি করেন তিনি।

লুলা বলেন, “ব্রাজিলের পরিবারগুলোর আয় ও জীবনকে ক্ষতিগ্রস্ত করে বেটিং কোম্পানিগুলোকে মুনাফা করতে দেওয়া হবে না।”

জুয়ায় আসক্তির কারণে অনেক পরিবারকে ঘরের সবকিছু বিক্রি করতে হয়েছে, এমন পরিবারের কাছ থেকে এসব ঘটনা শুনেছেন বলেও জানান ব্রাজিলের প্রেসিডেন্ট।

অনলাইন বেটিং নিষিদ্ধের আদেশের পাশাপাশি নির্দিষ্ট অডসের বেটিং বা ‘ফিক্সড-অডস বেটিং’-এর সঙ্গে জড়িত অপরাধের শাস্তির বিধান রেখে একটি বিলেও সই করেছেন লুলা।

এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অনলাইন বেটিং শিল্পের সমালোচনা করেন তিনি। লুলার অভিযোগ, এই শিল্প আসক্তিকে মুনাফায় পরিণত করছে।

তবে লুলার এই পদক্ষেপকে ‘জনতুষ্টিবাদী, ভণ্ডামিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন ফ্লাভিও বলসোনারো। শুক্রবার রিও ডি জেনিরোতে এক নির্বাচনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলে জানায় রয়টার্সে এক প্রতিবেদনে।

ব্রাজিলে ক্যাসিনো ও স্লট মেশিনসহ অধিকাংশ ধরনের জুয়া এখনো অবৈধ। তবে ২০১৮ সালে অনলাইন বেটিং বৈধ হওয়ার পর দেশটিতে এর জনপ্রিয়তা দ্রুত বেড়েছে।

এদিকে, চলতি সপ্তাহে প্রকাশিত অ্যাটলাস ও ব্লুমবার্গের এক জরিপে দেখা গেছে, ব্রাজিলের প্রাপ্তবয়স্কদের প্রায় ৫৯ দশমিক ৯ শতাংশ ইন্টারনেটভিত্তিক বেটিং নিষিদ্ধ করার পক্ষে। 

/এনজেএস/এনএ 

Logo