×
Logo

আন্তর্জাতিক

ফের ভয়াবহ দুর্যোগের শঙ্কা নেপালে, ১২ জেলায় বন্যা সতর্কতা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম

ফের ভয়াবহ দুর্যোগের শঙ্কা নেপালে, ১২ জেলায় বন্যা সতর্কতা

আকস্মিক বন্যা ও ভূমিধসের রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধরনের বিপর্যয়ের শঙ্কায় নেপালে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশটিতে চলছে টানা বৃষ্টিপাত। এরইমধ্যে কোথাও কোথাও হয়েছে অতিভারি বর্ষণ। এতে দ্রুত বাড়ছে ছোট-বড় নদ-নদীর পানি। দেখা দিয়েছে নতুন করে বন্যার আশঙ্কা। ১২ জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।

শুক্রবার (২৫সেপ্টম্বর), পাল্পা আর্চাল এলাকায়  বিকেল পর্যন্ত ১৮৭ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশটির আরও কয়েকটি এলাকায় হয়েছে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি।

টানা বর্ষণে এরই মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে পাহাড়ি ঢল ও ভূমিধস। বন্ধ হয়ে গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

পরিস্থিতি বিবেচনায় নতুন করে সতর্কতা জারি করেছে নেপালের বন্যা পূর্বাভাস বিভাগ। গোরখা, লামজুং, কাস্কি, দাং, বাঁকে, বারদিয়া ও কাঞ্চনপুরসহ ১২ জেলা রয়েছে উচ্চ বন্যাঝুঁকিতে। দ্রুত বাড়ছে ছোট নদীগুলোর পানি। যেকোনো সময় দেখা দিতে পারে বন্যা।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ভারতের ছত্তিশগড় হয়ে ধীরে ধীরে নেপালের দিকে এগোচ্ছে। এর প্রভাবে আগামী দুই দিন দেশটির পশ্চিমাঞ্চলে আরও বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এরই মধ্যে ভারি বৃষ্টির প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থায়। ভূমিধসে কাঠমান্ডুর সঙ্গে দেশের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে। পৃথ্বী হাইওয়ের ধাদিং অংশেই সাতটি স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। কোথাও সড়ক পুরোপুরি বন্ধ, আবার কোথাও যান চলাচল করছে এক লেনে।

অতিভারি বর্ষণে ফসলি জমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরাও।

জলবায়ু নিয়ে সর্তকবার্তা প্রধানমন্ত্রীর

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব তুলে ধরেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

তিনি বলেন, উষ্ণ হয়ে ওঠা জলবায়ু ‘ভঙ্গুর হিমালয় পরিবেশব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলছে’। এতে পারমাফ্রস্ট বা দীর্ঘদিন জমাট থাকা মাটি গলে যাচ্ছে। দ্রুত গলছে হিমবাহও। বাড়ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি।

এর আগে, এক মাস আগেই ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত হয়েছিল নেপাল। সেই ক্ষয়ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা এখনও চলছে। তবে আবারও টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার শঙ্কায় নতুন করে আতঙ্কিত দেশটির জনগণ।

সেজন্য নতুন করে দুর্যোগের আশঙ্কায় তাই আবারও উদ্বেগ-আতঙ্ক ছড়িয়ে পড়েছে নেপালজুড়ে।

/এনজেএস/এসআইএন

Logo