ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানে মুখ ঢেকে রাখা পোশাক (বোরকা ও নিকাব) ব্যবহার নিষিদ্ধ করে অধ্যাদেশ জারি করেছে ইতালির জর্জিয়া মেলোনির সরকার। পাশাপাশি ক্লাসরুমে বিদেশি বা অ-ইতালীয় ভাষাভাষী শিক্ষার্থীর সর্বোচ্চ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ১,০০০ ইউরো জরিমানা আদায়ের বিধান রাখা হয়েছে এই নতুন নীতিমালায়। ডিক্রি-আইন হওয়ায় এটি তাৎক্ষণিকভাবে কার্যকর হতে পারে। তবে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
গত রোববার (২০ সেপ্টেম্বর) মেলোনির রাজনৈতিক দল ‘ব্রাদার্স অব ইতালি’ (এফডিআই) এর যুব সম্মেলনে এই পরিকল্পনার বিষয়টি প্রথম প্রকাশ করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে অধ্যাদেশটি চূড়ান্তভাবে গৃহীত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মেলোনি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, ইতালীয় ভাষা শেখার সুযোগ তৈরি করা এবং স্কুলে বোরকা ও নিকাব বন্ধের পদক্ষেপগুলো সাধারণ বুদ্ধিপ্রসূত ও ঐক্যের প্রতীক। ইতালি এমন একটি শিক্ষাব্যবস্থা বজায় রাখতে চায়, যা নিয়ম বিসর্জন না দিয়ে বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় সমন্বিত করবে।
/এমএন