ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ নয়, চুক্তি চায়: পেজেশকিয়ান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ এএম
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চায় না এবং আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ফক্স নিউজের ব্রেট বেয়ারকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইরান যুদ্ধ নাকি সমঝোতা বেছে নিচ্ছে এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যুদ্ধ বেছে নিই নি। যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যুদ্ধ চাই না।
পেজেশকিয়ান জুন মাসে হওয়া সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে বলেন, যেখানে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তির আহ্বান জানানো হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালিতে নৌচলাচল নিয়ে মতপার্থক্যের কারণে তা ভেস্তে যায়। যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা যুদ্ধ শেষ করতে চায় কি না।
ইরান তার ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করবে কিনা এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, দেশটি আন্তর্জাতিক আইন এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলবে।
/এসআর