×
Logo

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ এএম

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট

জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সময় কক্ষ ত্যাগ করলেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা।  

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দিতে পোডিয়ামের কাছে যেতেই ওয়াকআউট করেন প্রতিনিধিরা। 

তবে ওয়াকআউট করা প্রতিনিধিদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে মন্তব্য করেন নেতানিয়াহু। তিনি বলেন, যারা তার বক্তব্যের সঙ্গে একমত নন, তাদের কক্ষে না থেকে বেরিয়ে যাওয়া উচিত। একই সঙ্গে কক্ষে থেকে যাওয়া বিরোধীদেরও ওয়াকআউট করার আহ্বান জানান তিনি।

এ সময় ইসরায়েলি প্রতিনিধিদলকে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে দেশটি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার মুখে রয়েছে। এর আগে জাতিসংঘের একটি তদন্ত কমিশন গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করেছিল। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে চালানো হামলার মধ্য দিয়ে বর্তমান যুদ্ধের সূত্রপাত হয়। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।

এর জবাবে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে এখন পর্যন্ত ৭৩ হাজার ৯২০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: বিবিসি

/এসআইএন

Logo