×
Logo

আন্তর্জাতিক

হোয়াইট হাউসে নিষিদ্ধ ৩ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্প প্রশাসনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পিএম

হোয়াইট হাউসে নিষিদ্ধ ৩ সংবাদমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ ট্রাম্প প্রশাসনের

‘ভুয়া খবর’ ছড়ানোর অভিযোগে সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই নিষেধাজ্ঞার পক্ষে আদালতে যুক্তি তুলে ধরে তিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ‘যাচাইযোগ্য মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন। একইসঙ্গে তাদের কিছু প্রতিবেদন ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ তৈরি করেছে বলেও দাবি করেছে মার্কিন বিচার বিভাগ।

গত সপ্তাহে ওই তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেন ট্রাম্প। এর পরপরই প্রতিষ্ঠানগুলোর সাংবাদিকদের প্রেস পাস কেড়ে নেওয়া হয় এবং হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেওয়া হয়। সিদ্ধান্তটিকে অসাংবিধানিক দাবি করে যৌথভাবে আইনি পদক্ষেপ নেয় সিএনএন, পলিটিকো ও এমএস নাও।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কলম্বিয়া জেলার একটি আদালতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। পূর্ণাঙ্গ শুনানি শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন বিচারক।

আদালতে দাখিল করা নথিতে মার্কিন বিচার বিভাগ জানায়, নিষেধাজ্ঞা জারির আগে হোয়াইট হাউস থেকে ওই তিন সংবাদমাধ্যমকে তাদের প্রকাশিত কিছু প্রতিবেদনের ‘ঘটনার তালিকা’ দেওয়া হয়েছিল।

এসব প্রতিবেদনের মধ্যে হোয়াইট হাউসে নির্মাণকাজ নিয়ে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন রয়েছে। এর মধ্যে একটি নিরাপত্তা বাঙ্কার ও নতুন বলরুম নির্মাণের খবরও উল্লেখ করা হয়েছে। এছাড়া হোয়াইট হাউসের অভ্যন্তরীণ তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তদন্তসংক্রান্ত একটি প্রতিবেদনও তালিকায় রাখা হয়েছে।

বিচার বিভাগের নথিতে বলা হয়, ‘হোয়াইট হাউসে প্রবেশাধিকার একটি সুযোগ, অধিকার নয়।’

অন্যদিকে, তিন সংবাদমাধ্যমের দাবি, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীতে সুরক্ষিত সংবাদমাধ্যমের স্বাধীনতার অধিকার লঙ্ঘন করা হয়েছে। এই সংশোধনী সরকারকে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা থেকে বিরত রাখে।

সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করে যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যম তিনটি বলেছে, তাদের প্রতিবেদনে আপত্তি থাকায় কোনো নোটিশ বা যথাযথ প্রক্রিয়া ছাড়াই সাংবাদিকদের পরিচয়পত্র বাতিল করেছে হোয়াইট হাউস।

তাদের দাবি, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা না হলে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারি হস্তক্ষেপমুক্ত স্বাধীন সাংবাদিকতার প্রতি জনগণের অধিকার হুমকির মুখে পড়বে।

নিষেধাজ্ঞার প্রতিবাদে প্রেসিডেন্টের ভিডিও ও ছবি বিভিন্ন সংবাদমাধ্যমের মধ্যে বিনিময়ের জন্য ব্যবহৃত ‘পুল’ ব্যবস্থাপনা থেকেও নিজেদের প্রত্যাহার করেছে বড় কয়েকটি টেলিভিশন নেটওয়ার্ক।

এর কিছুদিন পর হোয়াইট হাউস নিজস্ব স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু করে। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও ক্লিপ ২৪ ঘণ্টা সম্প্রচার করা হচ্ছে।

/এনএ 

Logo