×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি খোলার বার্তা: বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

হরমুজ প্রণালি খোলার বার্তা: বিশ্ববাজারে কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ সংকট নিরসনের আশাব্যঞ্জক খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে এসেছে। হরমুজ প্রণালি আগামী সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ইরানের ইতিবাচক ইঙ্গিত এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে সৌদি আরবের তেল রফতানি শুরুর খবরে বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।

লন্ডন সময় সকাল ১০টা ২৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের নভেম্বর চুক্তির দর ব্যারেলপ্রতি ২ দশমিক ০১ ডলার বা ২ শতাংশ কমে দাঁড়ায় ৯৮ দশমিক ৩৩ ডলারে। অন্যদিকে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) অক্টোবর চুক্তির দাম ২ দশমিক ৫০ ডলার বা ২ দশমিক ৬১ শতাংশ কমে নেমে আসে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ২৮ ডলারে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান আগামী সাত দিনের মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় খুলে দিতে রাজি হতে পারে—এমন খবর ছড়িয়ে পড়ার পরই তেলের দামে বড় পতন দেখা যায়।  

ক্যাপিটাল ইকোনমিকসের সিনিয়র ক্লাইমেট অ্যান্ড কমোডিটিজ অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার আভাস আন্তর্জাতিক কূটনীতির সাফল্যের একটি ইতিবাচক লক্ষণ হতে পারে। তবে তিনি সতর্ক করে আরও যোগ করেন, একটি স্থায়ী সমাধানে পৌঁছানোর আগে ট্রানজিট ফি এবং টোল সংক্রান্ত বিভিন্ন জটিলতার মতো আরও কিছু কূটনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হতে পারে।

পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদি আরবের সরবরাহ কার্যক্রম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদি আরব তাদের অভ্যন্তরীণ 'ইস্ট-ওয়েস্ট পাইপলাইন'-এর কার্যক্রম পুনরায় চালু করেছে এবং মঙ্গলবার থেকেই লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দর দিয়ে পুনরায় অপরিশোধিত তেল রফতানি শুরু করতে যাচ্ছে রিয়াদ।

/এএ

Logo