×
Logo

আন্তর্জাতিক

জাতিসংঘে ড. ইউনূসের আহ্বান

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে গড়তে হবে ইতিবাচক পৃথিবী

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম

সামাজিক ব্যবসা, তরুণ ও প্রযুক্তির শক্তিতে গড়তে হবে ইতিবাচক পৃথিবী
সামাজিক ব্যবসা, তরুণ সমাজের উদ্ভাবনী শক্তি এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে একটি টেকসই ও ইতিবাচক পৃথিবী গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে 'সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি' শীর্ষক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধান বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।

গ্রামীণ ব্যাংকের ৫০ বছর এবং প্রতিষ্ঠানটির নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর পূর্তিকে সামনে রেখে এই বিশেষ আন্তর্জাতিক ফোরামের আয়োজন করা হয়। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 

অনুষ্ঠানে সামাজিক ব্যবসার গভীর তাৎপর্য ও বিশ্বজুড়ে এর অপার সম্ভাবনার চিত্র তুলে ধরেন ড. ইউনূস। তিনি বলেন, ব্যবসা কেবল ব্যক্তিস্বার্থ বা মুনাফা অর্জনের জন্য নয়, এটি মানবসমাজের জটিল সংকট ও সমস্যার কার্যকর সমাধানের পথও দেখাতে পারে। তিনি ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা এবং তরুণ নেতৃত্বের ওপর আস্থা রেখে মানুষের অন্তর্নিহিত সক্ষমতায় আরও বেশি বিনিয়োগ করার গুরুত্ব তুলে ধরেন।

একই ফোরামে বক্তব্য রাখতে গিয়ে সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তারের ক্ষেত্রে প্রয়োজন হবে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত এবং মানবকেন্দ্রিক শাসনব্যবস্থা—যা বৈষম্য না বাড়িয়ে সাধারণ মানুষের কল্যাণে অবদান রাখবে।

/এএ

Logo