×
Logo

আন্তর্জাতিক

পশ্চিম তীরে বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি নিহত, একই দিনে ফিলিস্তিনি গাড়িচালককে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ পিএম

পশ্চিম তীরে  বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি নিহত, একই দিনে ফিলিস্তিনি গাড়িচালককে গুলি করে হত্যা

অধিকৃত পশ্চিম তীরে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। রোববার এক সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি নিহত হয়েছেন। একই দিনে ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনি গাড়িচালককে গুলি করে হত্যা করেছে। সেনাবাহিনীর দাবি, ওই ব্যক্তি সেনাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

ইসরায়েলি সামরিক বাহিনী ও পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রামাল্লার কাছে নেভে তজুফ বসতির পাশে একটি ঝরনার কাছে জড়ো হওয়া ইসরায়েলিদের লক্ষ্য করে গাড়ি থেকে গুলি চালানো হয়। এতে এক ব্যক্তি গুরুতর আহত হন।

ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাকর্মীরা ওই ব্যক্তিকে একটি গাড়ির ভেতর গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীকে কয়েক ঘণ্টা পর রামাল্লার একটি হাসপাতালে শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়েছে।

এর কিছুক্ষণ পর পশ্চিম তীরের আরও উত্তরে গ্যানিম বসতির কাছে আরেকটি ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এক ফিলিস্তিনি গাড়িচালক সেনাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় সেনারা তাকে গুলি করে হত্যা করে। ঘটনায় কোনো ইসরায়েলি সেনা আহত হননি বলে দাবি করেছে সামরিক বাহিনী।

তবে গাড়িচালক সেনাদের গাড়িচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন, ইসরায়েলি সেনাবাহিনীর এই দাবি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইহুদিদের পবিত্র ধর্মীয় দিন ইয়োম কিপুরের আগের দিন এসব প্রাণঘাতী ঘটনা ঘটায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।

ঘটনার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বাহিনীকে ওই এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, গ্রেফতার অভিযান ও আক্রমণাত্মক নিরাপত্তা কার্যক্রম জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি।

এদিকে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাস) হামলার প্রশংসা করলেও আনুষ্ঠানিকভাবে এর দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর, ইসরায়েলে হামাসের হামলা এবং পরবর্তীতে গাজায় ইসরায়েলি বাহিনীর সংঘাত শুরুর পর থেকেই পশ্চিম তীরে উত্তেজনা মাত্রায় পৌঁছেছে। সেখানে একদিকে যেমন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা বেড়েছে, তেমনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতিনিয়ত সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের পাল্টাপাল্টি হামলায় প্রতিনিয়ত রক্ত ঝরছে ওই অঞ্চলে।

/এনজেএস/এআই

Logo