লোহিত সাগরে কোনো যুদ্ধে জড়ায়নি ইতালি: আন্তোনিও তাজানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লোহিত সাগর অঞ্চলে ইতালি কোনো ধরনের ‘যুদ্ধে লিপ্ত নয়’ বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। তবে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিরক্ষামূলক নৌ-মিশন ‘অ্যাসপাইডস’ আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) ইতালির প্রভাবশালী দৈনিক করিয়েরে দেল্লা সেরা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তাজানি বলেন, আমরা কোনো যুদ্ধে নেই।
সম্প্রতি সৌদি আরবের তায়েফ বিমানঘাঁটিতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় মাটিতে থাকা ইতালির একটি এফ-২০০০ (ইউরোফাইটার) যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসে। একই সাথে হুথিদের পক্ষ থেকেও জানানো হয় যে তারা ইতালির সাথে সরাসরি কোনো যুদ্ধে লিপ্ত নয়। এমন প্রেক্ষাপটেই নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করলেন ইতালীয় পররাষ্ট্রমন্ত্রী।
তাজানি উল্লেখ করেন, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে পণ্যবাহী জাহাজের ওপর সম্ভাব্য হুথি হামলা প্রতিহত করার সম্পূর্ণ আত্মরক্ষামূলক উদ্দেশ্য নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ‘অ্যাসপাইডস’ নৌ-মিশন চালু করেছিল। প্রণালিতে পরিস্থিতির অবনতি হওয়ায় ইতালি এই মিশনে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে এবং ইইউর উচিত এই মিশনকে নবায়ন ও সামরিকভাবে আরও শক্তিশালী করা।
লোহিত সাগরে অবাধ নৌ চলাচলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এখানে আমাদের গভীর কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ জড়িত। ইতালির সামগ্রিক সামুদ্রিক বাণিজ্যিক পণ্যের প্রায় ৪০ শতাংশ এবং এশিয়ার দেশগুলোতে আমাদের রফতানিকৃত মোট পণ্যের ৬০ শতাংশ এই লোহিত সাগরের পথ দিয়েই পরিবাহিত হয়।
/এএ