×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫.১ বিলিয়ন ডলার, কংগ্রেসকে জানালো পেন্টাগন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫.১ বিলিয়ন ডলার, কংগ্রেসকে জানালো পেন্টাগন

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে এখন পর্যন্ত ওয়াশিংটনের ব্যয় দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১ বিলিয়ন ডলার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন কংগ্রেসকে এ তথ্য জানিয়েছে বলে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সূত্রগুলো জানায়, গত ৩ সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ পরিচালনায় ব্যয় হয়েছে ৪৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। এর সঙ্গে অতিরিক্ত জ্বালানি ব্যয় হিসেবে আরও ১ দশমিক ৫ বিলিয়ন ডলার যোগ হয়েছে। সব মিলিয়ে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ দশমিক ১ বিলিয়ন ডলার।

তবে পেন্টাগনের এই হিসাব যুদ্ধের পূর্ণাঙ্গ ব্যয়চিত্র নয়। ক্ষতিগ্রস্ত সামরিক ঘাঁটি ও স্থাপনা মেরামতের সম্ভাব্য খরচ এতে অন্তর্ভুক্ত করা হয়নি। পাশাপাশি, সামরিক অভিযানের পরোক্ষ ব্যয়ের বিস্তারিত হিসাবও কংগ্রেসকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

এর আগে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল বাজেট অফিস (সিবিও) জানিয়েছিল, ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় হয়েছে প্রায় ৩৮ বিলিয়ন ডলার। পেন্টাগনের নতুন হিসাব সেই পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। চলতি বছরের জুলাইয়ে, পেন্টাগন, যুদ্ধের ব্যয় হিসেবে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছিল।

সিবিও'র হিসাবেও যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মার্কিন সামরিক স্থাপনা মেরামতের খরচ অন্তর্ভুক্ত ছিল না। সংস্থাটি জানিয়েছিল, মোট ব্যয়ের বড় অংশই গেছে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহারে।

সিবিও আরও জানিয়েছিল, ১ আগস্টের পরও ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য প্রতি মাসে প্রায় ২ থেকে ৩ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় তৈরি করতে পারে। তবে যুদ্ধের তীব্রতা বেড়ে গেলে এই খরচ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, যুদ্ধের অর্থনৈতিক প্রভাব নিয়েও সতর্ক করেছে কংগ্রেসনাল বাজেট অফিস। 

সংস্থাটির মতে, এই সংঘাত ২০২৭ সালের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলতে পারে। এমন এক সময়ে এই আশঙ্কা তৈরি হয়েছে, যখন দেশটির নাগরিকদের মধ্যে অর্থনীতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

/এআই 

Logo