×
Logo

আন্তর্জাতিক

মহাসড়কে যাত্রীকে নামিয়ে দেওয়ায় উবারকে ৪০ মিলিয়ন ডলার জরিমানা: বিবিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পিএম

মহাসড়কে যাত্রীকে নামিয়ে দেওয়ায় উবারকে ৪০ মিলিয়ন ডলার জরিমানা: বিবিসি

ক্যালিফোর্নিয়ার মহাসড়কে ২৩ বছর বয়সী এক নারীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর অন্য একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত ওই নারীর পরিবারকে ৪০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাইডশেয়ার প্রতিষ্ঠান উবারকে।

নিহত এমিলি নরম্যান্ডিন-পার্কার, ২০২৩ সালের ১২ আগস্ট, এক বন্ধুর সঙ্গে বাড়ি ফেরার জন্য উবারে উঠেছিলেন। আদালতের নথি অনুযায়ী, গাড়িতে থাকা অবস্থায় তার বন্ধু অসুস্থ হয়ে বমি করেন।

এমিলির বাবা-মায়ের অভিযোগ, ওই সময় চালক গাড়িটি মহাসড়কের পাশে থামিয়ে তাদের দু'জনকে গাড়ি থেকে নামতে বাধ্য করেন। তারা দু'জনই মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়ি থেকে নামার পর অন্য একটি গাড়ির ধাক্কায় এমিলির মৃত্যু হয়।

পরিবারের আইনজীবীরা জানান, মহাসড়কে দুই নারীকে নামিয়ে দেওয়ার পর চালক ভু ট্রান তাদের জন্য কোনো সহায়তা চাননি। বরং তিনি উবারের সঙ্গে যোগাযোগ করে গাড়ি পরিষ্কারের জন্য এমিলির কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের দাবি জানান।

বিচারক রিচার্ড স্টোন বলেন, ট্রান তার যাত্রীদের নিরাপত্তার চেয়ে নিজের নতুন গাড়ি নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন। তিনি চাইলে মহাসড়ক থেকে বের হয়ে নিরাপদ কোনো স্থানে ওই দুই নারীকে নামিয়ে দিতে পারতেন বলেও মন্তব্য করেন বিচারক।

পাঁচ দিনের সালিশি প্রক্রিয়া শেষে উবারকে এমিলির বাবা-মাকে ৪০ মিলিয়ন ডলার দেওয়ার নির্দেশ দেন বিচারক রিচার্ড স্টোন। পরিবারের পক্ষে আইনি লড়াই করা প্রতিষ্ঠান পানিশ, শিয়া অ্যান্ড রাভিপুদি এ তথ্য জানিয়েছে।

আদালতের বাইরে বিরোধ নিষ্পত্তির একটি বিকল্প পদ্ধতি হলো সালিশি প্রক্রিয়া। এক্ষেত্রে একজন যোগ্য সালিশকারীর মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করা হয়। এমিলির পরিবারের মামলায় সেই দায়িত্ব পালন করেন একজন অবসরপ্রাপ্ত বিচারক।

তবে উবার জানিয়েছে, এ ঘটনায় প্রতিষ্ঠানকে আইনগতভাবে দায়ী করার সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়। 

কোম্পানিটির দাবি, সংশ্লিষ্ট চালক একজন স্বাধীন ঠিকাদার হিসেবে কাজ করতেন এবং তার কর্মকাণ্ডের জন্য উবারকে দায়ী করা উচিত নয়।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক বিবৃতিতে উবার জানায়, নিরাপত্তা নিশ্চিত করতে তারা গত কয়েক বছর ধরে নতুন প্রযুক্তি, নীতিমালা ও বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। 

এদিকে এমিলির পরিবারের আইনজীবীরা জানিয়েছেন, শুরুতে উবার এমিলির বাবা-মাকে ১ কোটি ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে এর বিনিময়ে ঘটনাটি নিয়ে তাদের যেন আর কোনো কথা বলতে না হয়, সেই শর্তও দেওয়া হয়েছিল। পরিবারটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

/এআই 

Logo