বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন ওয়ারেন বাফেট: ফোর্বস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
বিশ্বের দশম ধনী ব্যক্তি ও মার্কিন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তার স্থলাভিষিক্ত হচ্ছেন বাফেটের ছেলে হাওয়ার্ড বাফেট।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ফোর্বস এ তথ্য জানায়।
বিনিয়োগকারীদের কাছে পাঠানো এক বিবৃতিতে বার্কশায়ার হ্যাথাওয়ে জানায়, প্রতিষ্ঠানের প্রতি অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাফেটকে ‘চেয়ারম্যান এমেরিটাস’ হিসেবে নিয়োগ দেওয়া হবে।
তবে চেয়ারম্যান পদ ছাড়লেও প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে থাকবেন ৯৬ বছর বয়সী এই বিলিয়নিয়ার। পাশাপাশি তিনি নিজের মূল্যবান পরামর্শ ও দৃষ্টিভঙ্গি দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাবেন বলে জানিয়েছে বার্কশায়ার।
কোম্পানিটি বলেছে, হাওয়ার্ড বাফেটকে নতুন চেয়ারম্যান নির্বাচনের সিদ্ধান্ত তাদের দীর্ঘদিনের উত্তরাধিকার পরিকল্পনার অংশ।
এর আগে, ২০২৫ সালে, বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকেও সরে দাঁড়ান ওয়ারেন বাফেট। তার জায়গায় দায়িত্ব নেন গ্রেগ অ্যাবেল।
চলতি বছরের শুরুতে, সিইও হিসেবে, দায়িত্ব নেওয়া অ্যাবেল তার পূর্বসূরির প্রশংসা করে বলেন, আমেরিকান ব্যবসার ইতিহাসে বার্কশায়ারের ওপর বাফেটের প্রভাবের কোনো তুলনা নেই।
চেয়ারম্যান পদ ছাড়ার ঘোষণা দেওয়া হয় বাফেটের শেয়ারহোল্ডারদের উদ্দেশে লেখা একটি চিঠির সঙ্গে। চিঠিতে নিজের ৯৬তম জন্মদিন পরিবারের সঙ্গে উদযাপনের কথা উল্লেখ করেন তিনি।
পাশাপাশি, বার্কশায়ার হ্যাথাওয়ের সঙ্গে তার ছয় দশকেরও বেশি সময়ের পথচলার কথাও স্মরণ করেন।
চিঠিতে বাফেট বলেন, গ্রেগ অ্যাবেল প্রতিষ্ঠান পরিচালনা করবেন, আর তার ছেলে হাওয়ার্ড বার্কশায়ারের সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার দায়িত্ব পালন করবেন, যা কোম্পানির সম্পদের চেয়েও গুরুত্বপূর্ণ।
ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা অনুযায়ী, ওয়ারেন বাফেটের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ১৪৪ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ হিসাবে বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান দশম।
চলতি সপ্তাহে, প্রকাশিত ফোর্বস ৪০০ তালিকাতেও যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে দশম স্থানে রয়েছেন তিনি।
/এআই