ইউরোপ বৃহত্তর সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে: স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম
ইউরোপ একটি বৃহত্তর সামরিক সংঘাতের দ্বারপ্রান্তে এবং ইউক্রেন যুদ্ধকে ঘিরে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্লোভাক সংবাদ সংস্থা টিএএসআর-এর বরাতে আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, প্রেসোভে এক ভাষণে ফিকো বলেন, সার্বব্যাপী সামরিক সংঘাতের সম্ভাবনার দিক থেকে পরিস্থিতি এখনকার মতো এতটা গুরুতর ও উত্তেজনাপূর্ণ আগে কখনো ছিল না। স্লোভাকিয়া ন্যাটোর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, কিন্তু দেশকে কোনো সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়া থেকে বিরত রাখতে সম্ভাব্য সবকিছু করা হবে।
তিনি আরও বলেন, হ্যাঁ, আমরা ন্যাটোর অংশ, আমরা এর কদর করি এবং আমরা সহযোগিতা ও আমাদের দায়বদ্ধতা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে, স্লোভাকিয়া যাতে কখনো কোনো সশস্ত্র সংঘাতে জড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতে আমি আমার সাধ্যমতো সবকিছু করব।
ইউক্রেনের যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে উল্লেখ করে ফিকো বলেন, ইউরোপে ক্রমবর্ধমান জোরালো সামরিক বাগাড়ম্বর নিয়ে আমি উদ্বিগ্ন। আজ আমাদের শান্তি আছে, কিন্তু কাল হয়তো কিছুই থাকবে না।
উল্লেখ্য, আজ শুক্রবার ইউক্রেন সফরের আগে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি অন্যান্য ইইউ নেতাদের সঙ্গে একটি সম্মেলনে যোগ দেবেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রধানমন্ত্রী সেরহি কোরেৎস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।
/এসআর