×
Logo

আন্তর্জাতিক

কূটনৈতিক সম্পর্কোন্নয়নের উদ্যোগ মরক্কো-ইসরায়েলের, দূতাবাস খোলার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

কূটনৈতিক সম্পর্কোন্নয়নের উদ্যোগ মরক্কো-ইসরায়েলের, দূতাবাস খোলার সিদ্ধান্ত

কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো। এর অংশ হিসেবে দুই দেশ নিজ নিজ কূটনৈতিক মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি উভয় দেশে রাষ্ট্রদূত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের জাতিসংঘবিষয়ক রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজের আয়োজনে ইসরায়েল ও মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এতে অংশ নেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এবং মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বোরিতা।

বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হন দু'দেশের প্রতিনিধিরা। এ লক্ষ্যে চলতি বছরের শেষ নাগাদ বিনিয়োগ সুরক্ষা এবং দ্বৈত কর এড়ানো নিয়ে দুটি চুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ইসরায়েলের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হওয়া ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ সামিল অন্যতম দেশ মরক্কো। এছাড়া এই চুক্তিতে আছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং কাজাখস্তানও।

/এমএইচআর

Logo