ওআইসির নতুন মহাসচিবকে পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন, রোহিঙ্গা ইস্যু সমাধানে নতুন আশা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ এ আশ্বাস দিয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সৌদি আরবের জেদ্দায় ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এম জে এইচ জাভেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের অভিনন্দনপত্র হস্তান্তর করেন।
সাক্ষাৎকালে ওআইসি মহাসচিব বলেন, রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধান না হলে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যা সংশ্লিষ্ট সবার জন্য গুরুতর ভোগান্তি তৈরি করবে।
বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি নতুন মহাসচিবকে পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন এবং দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পূর্ণ সমর্থনের কথা জানান।
এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রশংসা করেন ইসমাইল ওল্ড শেখ আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে।
বৈঠকে বাংলাদেশের গাজীপুরে অবস্থিত ওআইসির প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকাও উঠে আসে। ওআইসি মহাসচিব বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে আইইউটির অবদান গুরুত্বপূর্ণ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠানটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
এ সময় বাংলাদেশ সফরের আগ্রহের কথাও জানান ওআইসি মহাসচিব। তিনি বলেন, তার সফরসূচির তালিকায় বাংলাদেশ রয়েছে অগ্রাধিকার পর্যায়ে।
বৈঠকে ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ মনে করে, প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের বৈচিত্র্য কাজে লাগিয়ে এসব দেশ যৌথ উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে পারে।
বিশেষ করে চুক্তিভিত্তিক কৃষি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা এবং শিক্ষা খাতে যৌথ প্রকল্পের মাধ্যমে ‘উইন-উইন’ ভিত্তিতে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাষ্ট্রদূত জাভেদ বাংলাদেশের জনগণ ও নতুন নেতৃত্বের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ওআইসি সচিবালয়ের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
/এনএ