×
Logo

আন্তর্জাতিক

সৌদির আরামকো তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম

সৌদির আরামকো তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী ইয়ানবুর তেল শোধনাগার ও খামিস মুশাইত বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আল জাজিরার বরাতে হুথি সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

হুথি সামরিক বাহিনীর এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহে তাদের বিভিন্ন সামরিক অবস্থানে সৌদি আরবের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে।

হুথিদের সামরিক শাখার বিবৃতিতে বলা হয়, প্রথম অভিযানে ইয়ানবুতে অবস্থিত সৌদি আরামকোর তেল স্থাপনাকে নিশানা করা হয়। সেখানে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানা হয়েছে। এতে স্থাপনাটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়।

একই সাথে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইত বিমানঘাঁটি লক্ষ্য করে দ্বিতীয় দফা অভিযান পরিচালনার কথা জানায় গোষ্ঠীটি। তাদের দাবি, সেখানেও বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি এবং নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তবে হুথিদের এই হামলার দাবি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে সৌদি আরব কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

/এএ 

Logo