মোদি জি, ট্রাম্পের সামনে নুয়ে পড়বেন না, উঠে দাঁড়ান: রাহুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে নুয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন তিনি।
ভিডিওতে তিনি বলেন, ইন্দিরা জি (ইন্দিরা গান্ধী) কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বামপন্থী নাকি ডানপন্থী, এবং তাঁর উত্তর ছিল, 'আমি বাম দিকেও ঝুঁকি না, ডান দিকেও ঝুঁকি না, আমি সোজা হয়ে দাঁড়াই। মোদীজি’র ধারণা সম্পূর্ণ আলাদা। তিনি বামপন্থীও নন, ডানপন্থীও নন; তিনি ডোনাল্ড ট্রাম্পের সামনে সোজা হয়ে শুয়ে মাথা নত (দণ্ডবৎ প্রণাম) করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, মোদী ইউপিআই-এর ওপর কর বসিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ অর্থ পাইয়ে দেওয়ার মাধ্যমে প্রত্যেক ভারতীয়র ওপর করের বোঝা চাপিয়েছেন। মোদী জি, দয়া করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে এভাবে নতি স্বীকার করা বন্ধ করুন। নিজের মেরুদণ্ড শক্ত করুন, উঠে দাঁড়ান এবং ইউপিআই ট্যাক্স ফিরিয়ে নিন।
/এসআর