মক্কায় হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা কুয়েতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম
মুসলমানদের পবিত্র ভূমি মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে কুয়েত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ আক্রমণকে এক কাপুরুষোচিত ও চরম নিন্দনীয় কাজ বলে অভিহিত করেছে।
কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, পবিত্র মক্কা নগরীকে নিশানা করা মূলত বিশ্বের প্রতিটি প্রান্তে থাকা মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি এক চরম অবমাননা।
বিবৃতিতে সৌদি আরবের প্রতি কুয়েতের অটল সংহতি প্রকাশ করা হয়। ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত ও ধ্বংস করায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতার বিশেষ প্রশংসা করে কুয়েত। একই সাথে দেশটি জোর দিয়ে স্মরণ করিয়ে দেয় যে, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা কুয়েত এবং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
অন্যদিকে, এই হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পবিত্র ধর্মীয় স্থানে হামলার কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা তাদের ছিল না।
/এএ