×
Logo

আন্তর্জাতিক

স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রে সৌদির 'এফ-১৫' যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পিএম

স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্রে সৌদির 'এফ-১৫' যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর

ইয়েমেনের আকাশসীমায় সৌদি আরবের একটি 'এফ-১৫' যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরানপন্থি হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-এয়ার মিসাইল) ব্যবহার করে যুদ্ধবিমানটি ধ্বংস করা হয়েছে।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, 'আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে এই নৃশংস আগ্রাসনের মুখে ইয়েমেনি সশস্ত্র বাহিনী আল্লাহর সহায়তা ও কৃপায় একটি সৌদি 'এফ-১৫' যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।'

তিনি দাবি করেন, ইয়েমেনের মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে ‘শত্রুতাপূর্ণ অভিযান’ চালানোর সময় যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।

হুতি মুখপাত্র আরও বলেন, 'স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ভূপাতিত করা হয়েছে।'

তবে এ বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় কয়েকটি সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে হুতি বাহিনী যুদ্ধবিমানটি ভূপাতিত করে।

ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী ও সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই যুদ্ধবিমান ভূপাতিতের এই দাবি নতুন করে দুই পক্ষের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

/এআই 

Logo