×
Logo

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: সিবিও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ এএম

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: সিবিও

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের (পেন্টাগন) খরচ ৩৮ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির নির্দলীয় সংস্থা কংগ্রেশনাল বাজেট অফিস (সিবিও)। একই সঙ্গে যুদ্ধ চলতে থাকলে প্রতি মাসে আরও ৩ বিলিয়ন ডলার বা তার বেশি খরচ হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি। খবর এপির। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক মূল্যায়ন প্রতিবেদনে সিবিও জানায়, গত ১ আগস্ট পর্যন্ত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৩৮ বিলিয়ন ডলারের বেশি হয়েছে। যুদ্ধের তীব্রতার ওপর নির্ভর করে এই ব্যয় আরও বাড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধ ২০২৭ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতিতে প্রভাব ফেলতে পারে। এর ফলে আগের পূর্বাভাসের তুলনায় মূল্যস্ফীতি প্রায় ০.৫ শতাংশ পয়েন্ট বেশি হতে পারে।

সিবিওর মতে, বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং লোহিত সাগরে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানি ও পণ্যের দামে চাপ তৈরি হচ্ছে।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের বাজেট কমিটির শীর্ষ ডেমোক্র্যাট ব্রেন্ডন বয়েলের অনুরোধে। এতে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের দেওয়া আগের হিসাবের সঙ্গেও মিল রয়েছে। এর আগে সিনেটের শুনানিতে হেগসেথ যুদ্ধের খরচ ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছিলেন।

সিবিও জানিয়েছে, এই ব্যয়ের বড় অংশই যুদ্ধে ব্যবহৃত অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পুনরায় পূরণ করতে ব্যয় হয়েছে। তবে যুদ্ধে নিহত বা আহত মার্কিন সেনাদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে সাবেক সেনাদের চিকিৎসা ও প্রতিবন্ধী ভাতা সংক্রান্ত খরচ এই হিসাবের মধ্যে ধরা হয়নি।

ব্রেন্ডন বয়েল বলেন, যুদ্ধের মানবিক ক্ষতির পাশাপাশি এই প্রতিবেদন দেখিয়েছে যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর এর আর্থিক চাপও বাড়ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও এতে প্রভাবিত হচ্ছে।

আগামী মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে যুদ্ধ ও মূল্যস্ফীতি এখন বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে এই নির্বাচন। বর্তমানে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে রিপাবলিকানদের।

প্রতিবেদন অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধ এখন সপ্তম মাসে পড়েছে। তবে দ্রুত সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এর আগে জুনে হোয়াইট হাউস যুদ্ধের জন্য ৮৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছিল। এর মধ্যে সরাসরি যুদ্ধসংক্রান্ত ব্যয় হিসেবে ধরা হয়েছিল ৪২ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা সিবিওর হিসাব করা পেন্টাগনের ব্যয়ের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।

তবে সিবিও জানিয়েছে, পেন্টাগন তাদের এই প্রতিবেদনের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেনি। ফলে সরকারি তথ্যভান্ডার ও প্রকাশিত প্রতিবেদন ব্যবহার করে হিসাব করা হয়েছে এবং এতে অনিশ্চয়তা রয়েছে।

এদিকে সোমবার প্রকাশিত পেন্টাগনের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কৌশলগত সামরিক মজুতেও ঘাটতি তৈরি হয়েছে।

/এনএ 


Logo