ইরান চুক্তি করতে মরিয়া, তবে সিদ্ধান্ত আমিই নেব: ডোনাল্ড ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে ইরান যেকোনো মূল্যে ওয়াশিংটনের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে চায়। তবে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত তেহরানের সাথে কোনো আলোচনায় যুক্ত হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ব্যর্থ রাষ্ট্র ইরান খুব খারাপভাবে এবং অতি দ্রুত একটি চুক্তি করতে চাইছে। তবে যুক্তরাষ্ট্র তাদের সাথে কোনো আলোচনায় জড়াবে কি না, তা আমিই নির্ধারণ করব—যদিও আমরা নীতিগতভাবে আলোচনার ধারণার প্রতি উন্মুক্ত।
একই বার্তায় মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি তেলের সরবরাহ নির্বিঘ্ন রাখার বিষয়টিও টেনে আনেন ট্রাম্প।
তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রণালিটিতে জ্বালানি তেলের স্বাভাবিক প্রবাহ পুনঃপ্রতিষ্ঠা করতে যেসকল দেশ ওয়াশিংটনকে সহায়তা করেনি, তাদের অবশ্যই সেই ব্যয়ের অর্থ যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ হিসেবে পরিশোধ করা উচিত এবং তারা তা করতে বাধ্য হবে।
/এএ