তবে কি ভাঙনের মুখে যুক্তরাজ্য? বৈঠকে বসছেন স্কটল্যান্ড-ওয়েলস-উ. আয়ারল্যান্ডের নেতারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হওয়া ইস্যুতে বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডের নেতারা। সোমবার (১৪ সেপ্টেম্বর) ওয়েলসের রাজধানী কার্ডিফে বৈঠকে বসবেন এই তিন অঞ্চলের প্রতিনিধিদের দল। খবর, দ্য টেলিগ্রাফ-এর।
মূলত, যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা, সাংবিধানিক পরিবর্তন এবং তিন অঞ্চলের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকে আলোচনা হতে পারে।
স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ার্নল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি, রুন আপ আইওয়ার্থ এবং মিশেল ও’নিল বৈঠকে অংশ নেবেন।
এসময় অর্থনীতি, জ্বালানি, ইউরোপ এবং সাংবিধানিক বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে সই করা হতে পারে বলেও জানায় বিভিন্ন গণমাধ্যম।
বৈঠকটি এমন সময় হচ্ছে, যখন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এমপিদের বলেছেন, কোনো স্বাধীনতা গণভোটের পক্ষে যদি ‘স্পষ্ট ঐকমত্য’ তৈরি হয়, তাহলে তিনি আরেকটি স্কটিশ গণভোটের অনুমতি দেবেন।
এদিকে, বৈঠকের মাত্র দুই দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন—তিনি ‘একীভূত আয়ারল্যান্ড’ দেখতে ‘খুবই পছন্দ করবেন।’ সম্প্রতি ডাবলিন সফরের সময় তিনি বলেন, উত্তর আয়ারল্যান্ড আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের সঙ্গে যুক্ত হলে সেটি ‘দারুণ ব্যাপার’ হবে। তিনি প্রশ্ন করেন, ‘এটা কীভাবে খারাপ হতে পারে?’
/এমএইচআর