চীনা গাড়ি নির্মাতারা যুক্তরাষ্ট্রে কারখানা করলে কোনো আপত্তি নেই: ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের মাটিতে কারখানা স্থাপন করে গাড়ি তৈরি করলে তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, চীন যদি যুক্তরাষ্ট্রে এসে গাড়ি তৈরির কারখানা স্থাপন করতে চায়, তাহলে তিনি তাতে সম্মতি দেবেন।
তার মতে, জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও যুক্তরাষ্ট্রে কারখানা পরিচালনা করে এবং সেখানে স্থানীয় কর্মীদের নিয়োগ দেয়।
ট্রাম্প বলেন, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা আমাদের মানুষকে চাকরি দেবে।'
তবে চীনা প্রতিষ্ঠানগুলো মেক্সিকোতে গাড়ি তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রের বাজারে পাঠাক, এটি তিনি চান না।
চীনা গাড়ির বিরোধিতা করছেন 'না' জানিয়ে ট্রাম্প বলেন, মূল বিষয় হলো, গাড়ি কোথায় তৈরি হচ্ছে এবং এতে মার্কিন নাগরিকদের কর্মসংস্থান হচ্ছে কি না।
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন চীনা গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ ঠেকাতে দেশটির আইনপ্রণেতা ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে চাপ বাড়ছে।
আগামী দুই সপ্তাহের মধ্যে ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে, চীনা গাড়ি নির্মাতাদের যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা 'না' করার জন্য ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিচ্ছে মার্কিন গাড়ি শিল্প।
বুধবার মিশিগানের ডেমোক্র্যাট সিনেটর এলিসা স্লটকিন দাবি করেন, গুঞ্জন রয়েছে, চীনা গাড়ি, যুক্তরাষ্ট্রে বিক্রির অনুমতি দেওয়ার বিষয়টি ট্রাম্পের বৃহত্তর একটি চুক্তির অংশ হতে পারে। তিনি এটিকে কৌশলগত ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেন।
তবে স্লটকিনের এই বক্তব্যকে ‘সম্পূর্ণ ভুয়া গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন ট্রাম্প। তিনি দাবি করেন, চীনা গাড়িকে যুক্তরাষ্ট্রের বাইরে রাখার বিষয়টি তার প্রশাসন নিশ্চিত করেছে।
২০২৫ সালের শুরুতে, তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একটি বিধিনিষেধ আরোপ করে। এর ফলে চীনা গাড়ি নির্মাতাদের জন্য যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী গাড়ি বিক্রি বা উৎপাদন কার্যত নিষিদ্ধ হয়ে যায়।
এছাড়া চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০ শতাংশেরও বেশি শুল্ক আরোপ করে রেখেছে ওয়াশিংটন।
চীনা গাড়ির প্রবেশ ঠেকাতে, গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রের প্রায় সব বড় গাড়ি নির্মাতার প্রতিনিধিত্বকারী একটি সংগঠন কংগ্রেসের প্রতি দ্রুত আইন পাসের আহ্বান জানিয়েছে। প্রস্তাবিত ওই আইনের মাধ্যমে চীনা গাড়িকে স্থায়ীভাবে মার্কিন বাজার থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
জেনারেল মোটরস, ফোর্ড, টয়োটা, ভক্সওয়াগেন, হুন্দাই, হোন্ডা ও স্টেলান্টিসসহ বিশ্বের বড় গাড়ি নির্মাতাদের প্রতিনিধিত্বকারী অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশন ডিসেম্বরের শেষ নাগাদ বিলটি পাস করার আহ্বান জানিয়েছে।
সংগঠনটির প্রধান নির্বাহী জন বোৎসেলা মার্কিন কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে বলেন, বর্তমানে চীনা গাড়ি নির্মাতারা সরকারি ভর্তুকি পাওয়া গাড়ি এবং ইন্টারনেট-সংযুক্ত সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে তৈরি যানবাহন বিশ্বের বিভিন্ন বাজারে ব্যাপকভাবে বিক্রি করছে।
/এআই