×
Logo

আন্তর্জাতিক

হরমুজ প্রসঙ্গে ইরানের সঙ্গে বৈঠকে যাবে না বাহরাইন: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

হরমুজ প্রসঙ্গে ইরানের সঙ্গে বৈঠকে যাবে না বাহরাইন: রয়টার্স

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন 'না' হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি নিয়ে কোনো বৈঠকে অংশ নেবে না বলে জানিয়েছে বাহরাইন। শনিবার (১২ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বাহরাইন জানিয়েছে, তেহরানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বিষয়ে কোনো আলোচনায় অংশ নেওয়ার প্রশ্নই আসে না।

এর আগে, ২০১৬ সালে, সৌদি আরবের পথ অনুসরণ করে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাহরাইন। ওই সময় সৌদি আরবে এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরানে বিক্ষোভকারীরা সৌদি কূটনৈতিক স্থাপনায় হামলা চালানোর পর রিয়াদ তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।

এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে বাহরাইন ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে দেশটি।

হরমুজ প্রণালি ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই বাহরাইনের এই অবস্থান সামনে এলো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে।

/এআই 

Logo