×
Logo

আন্তর্জাতিক

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দেয় চীনা সংস্থা, দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার আগে ইরানকে স্যাটেলাইট ছবি দেয় চীনা সংস্থা, দাবি যুক্তরাষ্ট্রের

জর্ডানে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে ইরানকে স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল চীনা কিছু প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৭ জুলাই, জর্ডানের মুওয়াফিক সালতি বিমানঘাঁটিতে ইরানের হামলার সঙ্গে ওই স্যাটেলাইট ছবির যোগসূত্র পেয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সময় চীনের সহায়তা মার্কিন সেনাদের মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা রেখেছে, এমন সবচেয়ে স্পষ্ট প্রমাণ এটি।

তবে যেসব চীনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, তাদের নাম প্রকাশ করেননি মার্কিন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, স্যাটেলাইট ছবি সরবরাহের বিষয়টি ওই হামলার সঙ্গে যুক্ত বলে যুক্তরাষ্ট্র মনে করছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা জর্ডানের মুওয়াফিক সালতি বিমানঘাঁটি সংক্রান্ত স্যাটেলাইট ছবির বিষয়টি চীনা কর্মকর্তাদের কাছে উত্থাপন করেছিলেন। তবে চীনা কর্মকর্তারা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র সংবাদমাধ্যমটিকে বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় চীন ও ইরানের সহযোগিতা স্বাভাবিক বিষয়। একই সঙ্গে তিনি অভিযোগকারীদের বিরুদ্ধে 'অন্য দেশগুলোকে উদ্দেশ্যমূলকভাবে জড়িয়ে অপপ্রচার চালানোর' অভিযোগ করেন।

তবে ১৭ জুলাইয়ের হামলার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের কোনো জবাব দেননি ওই মুখপাত্র বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন কর্মকর্তাদের সূত্র অনুযায়ী, ইরানের সামরিক লক্ষ্যবস্তু নির্ধারণে কোনো চীনা প্রতিষ্ঠান স্যাটেলাইট ছবি সরবরাহ করেছে, এমন বিষয় স্বীকার করেনি বেইজিং।

যুক্তরাষ্ট্রের এই অনুসন্ধান ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষকরে, আগামী ২৪ সেপ্টেম্বর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের আগে এ ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।

এর আগে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় জর্ডানের মুওয়াফিক সালতি বিমানঘাঁটিতে তিন মার্কিন সেনা নিহত হন। এপ্রিলের যুদ্ধবিরতির পর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে প্রথমবারের মতো কোনো মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ছিল এটি।

ওই হামলার সময় ওয়াশিংটন ও তেহরান: দুই পক্ষই জুনে হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির বাস্তবায়ন স্থগিত রেখেছিল।

/এআই 

Logo